একনজরে
লাশ উদ্ধার পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মল্লিকডুবা বাজারের উত্তর পাশের একটি রেইনট্রি গাছ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আল-আমিন (২০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের কেশবপুর গ্রামের হালিম হাওলাদারের ছেলে। আল-আমিন বুধবার রাতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি। মদ বহন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মদ বহন করার দায়ে বেল্লাল হোসেন (৩০) নামের এক তরুণকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে ইউএনও লিয়াকত আলী এই দণ্ডাদেশ দেন। বুধবার রাতে পুলিশ উপজেলার খালগোড়া বাজারের খেয়াঘাট এলাকা থেকে দুই লিটার দেশি মদসহ তাঁকে আটক করে। পরে আদালত তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।