একনজরে
অগ্নিকাণ্ডরংপুরের তারাগঞ্জে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ইকরাচালী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাজারের আনারুল নামের এক ব্যক্তির চায়ের দোকানের কর্মচারীরা রাতে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিবখাটের কারাদণ্ডনীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আশরাফ আলী (১৯) নামের এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাঁশবাড়ী মহল্লার ওই ছাত্রীকে আশরাফ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গত সোমবার আদালতে সোপর্দ করে। বিচারক মো. শফিকুল ইসলাম তাঁকে এই দণ্ড দেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিশিশুর মৃত্যু ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভিমরুলের কামড়ে বৃষ্টি সাহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বৃষ্টি বোয়ালমারী পৌর বাজার এলাকার নিজ বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে অসাবধানতাবশত সে ভিমরুলের গর্তে পড়ে যায় এবং ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। ফরিদপুর অফিস প্রতিষ্ঠাবার্ষিকীরাজবাড়ীতে গতকাল মঙ্গলবার যুব ইউনিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুব ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের সামনে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক আশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী প্রতিনিধি