একনজরে
মেয়রের ওপর হামলা রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার মেয়রের ওপর হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম কামাল হোসেন (৩৮)। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভবানীগঞ্জ বাজারের একটি দোকানে বসেছিলেন মেয়র আবদুর রাজ্জাক। এ সময় কামাল কোনো কারণ ছাড়াই মেয়রকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি কাঠের চেলা নিয়ে মেয়রের ওপর হামলা করেন। কামালের ছোট ভাই জামাল জানান, পারিবারিক অশান্তির কারণে তাঁর ভাই কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিগৃহবধূর লাশ উদ্ধার নীলফামারী সদর উপজেলার শিংদই গ্রাম থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জবা রানী (৩৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পরপরই তাঁর স্বামী মধুসূদন রায় পালিয়ে যান। এলাকাবাসীর ধারণা, মধুসূদন তাঁকে হত্যা করে পালিয়েছেন। জবা রানী একই গ্রামের রমেশ চন্দ্র রায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই সুধীর চন্দ্র বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের ছেলে দেব কুমার রায় জানান, তাঁর বাবা দুই বছর সৌদি আরবে থাকার পর দেশে ফিরে গোপনে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে মায়ের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। নীলফামারী প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যু পাবনার বেড়া উপজেলায় হুরাসাগর নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নাউন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার রেজাউল করিমের ছেলে নাউন গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির লোকজনের সঙ্গে নদে গোসল করতে যায়। নদে নামার পর সবার অলক্ষ্যে সে ভেসে গেলে লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পর তার লাশ পাওয়া যায়। বেড়া (পাবনা) প্রতিনিধিসাপের কামড়ে মৃত্যুগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাপের কামড়ে মিজানুর রহমান (৪৫) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি শখের বসে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে নামেন। এ সময় তাঁকে একটি সাপ কামড় দেয়। গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পোনা গ্রামের সরোয়ার ফকিরের ছেলে। মিজানুর ঢাকায় ব্যবসা করতেন। তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গোপালগঞ্জ প্রতিনিধি তিনজন আটক নড়াইল ট্রাফিক পুলিশ একটি পিকআপ ভ্যানবোঝাই ভারতীয় ৪১ বস্তা মসলাসহ তিনজনকে আটক করেছে। গতকাল শুক্রবার সকালে যশোর-কালনা সড়কের কুড়িগ্রাম পুলিশ ফাঁড়ির সামনে থেকে এগুলো আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহীদুল (৩২) আজিজুর (৩০) এবং গাড়ির চালক খলিলুর রহমান। নড়াইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তপন কুমার মজুমদার জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানে (ঢাকা-ড-১১-৩৬০২) তল্লাশি চালিয়ে ওই ৪১ বস্তা ভারতীয় বিভিন্ন মসলা উদ্ধার করা হয়। মসলার মধ্যে রয়েছে জিরা, লবঙ্গ ও এলাচ। নড়াইল প্রতিনিধি শ্রেষ্ঠ শিক্ষকদৌলতদিয়া যদুমাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৩-এর জন্য রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের চরবালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী তাঁর কার্যালয়ে তাঁদের নাম ঘোষণা করেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুয়ারা কাদরী, শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে চরবালিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নাসিম প্রামাণিক এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে উজানচর মডেল প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি