একনজরে
লাশ উদ্ধারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেওভোগ গ্রাম থেকে পুলিশ গত বৃহস্পতিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ওই গৃহবধূ একই গ্রামের এরশাদুল ইসলামের স্ত্রী। নাম নাজমা খাতুন (২৭)। নিহতের পরিবারের অভিযোগ, নাজমাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল মোমিন সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। সলঙ্গা থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি অনাস্থা প্রস্তাবরংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইউপির ১০ সদস্য গত বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবসহ লিখিত অভিযোগ ইউএনওর কাছে দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘একটি মহল ষড়যন্ত্র করে ওই ইউপি সদস্যদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’ ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিশ্রেষ্ঠ চেয়ারম্যানপ্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ফরিদপুরের মধুখালী উপজেলার চেয়ারম্যান মফিজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় গত মঙ্গলবার তাঁকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে। জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৮ সেপ্টেম্বর ঢাকা যাবেন। মধুখালী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসকর্মচারীর মৃত্যুসাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে ফলের আড়তের এক কর্মচারী গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ওই কর্মচারীর নাম সুজন গাজী (১৮)। তিনি একই উপজেলার বাটকেখালি গ্রামের আবদুস সবুর গাজীর ছেলে। সুজন রাত সাড়ে ১২টার দিকে আড়তে বসে কয়েকজনের সঙ্গে টেলিভিশনে ছবি দেখছিলেন। পরে সুইচের বোর্ড থেকে টেলিভিশনের প্লাগ খোলার সময় সুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা