একনজরে
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুপঞ্চগড়ের বোদায় নিজের চা দোকানে মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলভি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বোদা পৌরসভার কুড়ালীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আলভি ওই চা দোকানের মালিক বায়েজিতের ছেলে। একই দিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের মাদ্রাসাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ আলী (২৬) নামের এক তরুণ মারা গেছেন। তিনি বৈদ্যুতিক ফ্যানের সংযোগ লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও পঞ্চগড় প্রতিনিধিইফতারে হামলাভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন বিএনপির ইফতার অনুষ্ঠানে শ্রমিক লীগের হামলায় বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া জানান, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জিন্নাগড় ইউনিয়নের কুতুবগঞ্জের মাজেদিয়া দাখিল মাদ্রাসায় গত বৃহস্পতিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ হামলা হয়েছে। জাহাঙ্গীর হোসেন বলেন, জিন্নাগড় বিএনপি শাহজাহান পক্ষ ও কুট্টি জামালের পক্ষের মধ্যে ইফতার ভাগাভাগি নিয়ে হাতাহাতি হয়েছে। এটা বিএনপির নিজস্ব বিষয়। এ ঘটনায় আমি এবং আমার সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। ভোলা অফিসবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে ঢাকায় চাকরি করতেন। তাঁর বাবার নাম আখেরুজ্জামান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোকন উদ্দিন ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পানি তোলা পাম্পযন্ত্র বিকল হলে তিনি মেরামত করতে থাকেন। হঠাৎ করে বিদ্যুৎ লাইনে হাত পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়। কুষ্টিয়া অফিসজরিমানাভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আমদানি, বিক্রয়, মজুদ, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় বেশ কিছু পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজা মিয়ার নেতৃত্বে নগরের বিভিন্ন বাজারে ওই অভিযান চালানো হয়। এ সময় নগরের রূপাতলী হাউজিং এলাকার বাজার এবং সাগরিদি বাজারের ১১ প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন বিক্রয়, প্রদর্শন ও ব্যবহার করতে দেখে ওই দোকান মালিকদের জরিমানা করা হয়। বরিশাল অফিস