একনজরে
চেয়ারম্যান নির্বাচিতনড়াইলের কালিয়া উপজেলার নবগঠিত পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এক হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম সাইফুজ্জামান। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আশিক বিল্লাহর চেয়ে ৭৬ ভোট বেশি পেয়েছেন। অপরদিকে পেড়লী ইউনিয়নে বিজয়ী হয়েছেন আনিসুল ইসলাম। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস হোসেনের চেয়ে ৩০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। গত মঙ্গলবার এই ইউনিয়ন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নড়াইল প্রতিনিধিব্যবসায়ী অপহরণভোলার মেঘনার কাচিয়া মাঝেরচর থেকে গত শুক্রবার সন্ধ্যায় জলদস্যুরা দুই মাছ ব্যবসায়ীকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। পুলিশ আহত অবস্থায় মঙ্গলবার রাতে তাঁদের উদ্ধার করেছে। ভোলা হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ হোসেন, সোহেল পাটওয়ারী ও শরীফ হোসেন জানান, মাঝের চর এলাকা থেকে চারটি ট্রলারে ৩০-৩৫ জন জলদস্যু অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেওয়ায় মারধর করে দৌলতখান উপজেলার মধুপুর চরে ফেলে রেখে পালিয়ে যায়। ভোলা অফিসকুপিয়ে জখম পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সেতু এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আমিনুল ইসলামকে (৩০) কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমিনুলের ছোট ভাই মামুন নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলম চৌকিদারও অন্যদের সঙ্গে অনেক দিন ধরে জুয়া খেলে আসছিলেন। এ বিষয়ে গত সোমবার আমিনুলের সঙ্গে আলমের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি এক ব্যক্তির দণ্ডপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর অভয়াশ্রমে মাছ ধরার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবল আলম গত মঙ্গলবার এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা গ্রামের আবুল হোসেন। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিকুড়িগ্রামে মানববন্ধনকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কৃষক ফেডারেশনের সভাপতি ও ভূমিহীন নেতা আবদুল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষানি সভার উপজেলা কমিটি জয়মনিরহাট বাজারে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন মোকাদ্দেছ আলী শিকদার, সুজাউদ্দৌলা, মর্জিনা বেগম, নিহত ব্যক্তির স্ত্রী লাইলী বেগম এবং দুই ছেলে ভুট্টো মিয়া ও লাভলু। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৬ অক্টোবর সকালে সন্ত্রাসীরা আবদুল করিমকে গলা কেটে হত্যা করে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামলাশ উদ্ধারদিনাজপুর-দশমাইল মহাসড়কের উত্তর গোবিন্দপুর এলাকায় বন বিভাগের কার্যালয়ের পাশ থেকে গতকাল বুধবার সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান জানান, নিহতের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি মহাসড়কের ধারে ফেলে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মর্গে রাখা হয়েছে। দিনাজপুর অফিস