একনজরে
খাল খনন শুরু
তিন লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মুড়াগাছা শ্মশানের খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় গত শুক্রবার বিকেলে মুড়াগাছা শ্মশান চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্বপন কুমার দাস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ। l রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নারীর মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাছে গতকাল শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে অঞ্জু রানী পাল (২৮) নামের এক নারী মারা গেছেন। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেসের সামনে শুয়ে পড়ায় তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। l দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
এক ব্যক্তি নিখোঁজ
সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনার সোনাতনী নামক স্থানে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম ইউসুফ আলী (৩৫)। তিনি ধীতপুর গ্রামের লুকাই মিয়ার ছেলে। গতকাল শনিবার দুপুরে যমুনা নদীর সোনাতনীরচরে গরুর জন্য ঘাস কেটে তা নিয়ে পাঁচজন ডিঙি নৌকা করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পানির স্রোতে নৌকাটি তলিয়ে যায়। এ সময় চারজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ইউসুফ নিখোঁজ আছেন। l সিরাজগঞ্জ অফিস
ক্যাপসুল প্রশিক্ষণ
নীলফামারীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-৪ মহাস্থান ব্যাটালিয়নের প্রথম ক্যাপসুল প্রশিক্ষণ-২০১৩-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নীলফামারী সরকারি কলেজ মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু। l নীলফামারী প্রতিনিধি
বাল্যবিবাহ বন্ধ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব গুলিসাখালী গ্রামে গত শুক্রবার একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। গ্রামের দশম শ্রেণীর ওই ছাত্রীর ২৮ জন সহপাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিয়ে বন্ধের জন্য লিখিত আবেদন করে। ইউএনও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিয়ে বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর শুক্রবার পুলিশ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেয়। এ সময় ওই ছাত্রীর অভিভাবকেরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। ইউএনও আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। l মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
জরিমানা আদায়
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালত ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া উৎপাদনকারী একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান আদালত পরিচালনা করেন। নাজিরপুরের বড় ডালিমা সেতুর পূর্ব পাশে ওই কারখানায় মরিচের গুঁড়ার সঙ্গে রং মিশ্রিত তুষ ও খাওয়ার অনুপযোগী মরিচের (ধুতুরা মরিচ) গুঁড়া মেশানো হচ্ছিল। কারখানার মালিক স্থানীয় মো. শারিফ তালুকদার। তিনি দাবি করেন, একটি মহল তাঁর কারখানার সুনাম ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে। তারাই ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে। l বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
মানববন্ধন
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুইটি বেগমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার শহরে মানববন্ধন হয়েছে। অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন-এর ব্যানারে মহিলা ইউপি মেম্বার জোট নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য দেন কবিতা সিকদার, ঝর্ণা বেগম ও শাহানাজ। গত ৫ এপ্রিল রাতে পাঁচ-ছয়জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে বিউটি ও রহিমাকে আহত করে। l নড়াইল প্রতিনিধি
ঢাকায় হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি চলাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। সুনামগঞ্জ সিপিবি গতকাল শনিবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি শাহজালাল প্রমুখ।l সুনামগঞ্জ অফিস
কর্মশালা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অভয়াশ্রম রক্ষা ও শুঁটকি সংরক্ষণবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে উপজেলার ৩০ জন মৎস্যজীবী অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা এ কে এম মহসীন। l জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আলোচনা সভা
সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে গতকাল সকালে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে এক আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ শাখা ‘তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ’ শিরোনামে এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপেজলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। আলোচনায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নারী প্রতিনিধিরা অংশ নেন। l সুনামগঞ্জ অফিস
চট্টগ্রাম-সিলেট রেললাইনের আখাউড়া পৌর শহরের দুর্গাপুর এলাকা থেকে গতকাল শনিবার ১০টি তাজা বোমা উদ্ধার করেছে আখাউড়া থানার পুলিশ। একই এলাকা থেকে চারটি ছোরাও উদ্ধার করা হয়েছে। বোমাগুলো লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এগুলো হাতে তৈরি। সব কটি বোমাই তাজা ছিল। উদ্ধারের পর সেগুলোকে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি বা ডাকাতির উদ্দেশ্যেই বোমা ও ছোরাগুলো ওই স্থানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
l আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নেতা গ্রেপ্তার
নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে গতকাল শনিবার ভোরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য আবু দাউদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার দশচিড়া গ্রামে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বরঙ্গাইল বাজার থেকে আবু দাউদকে গ্রেপ্তার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। l মানিকগঞ্জ প্রতিনিধি
বজ্রপাতে মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাজবাড়ী এলাকার ফাইভ স্টার মৎস্য খামারে গতকাল শনিবার সন্ধ্যায় বজ্রপাতে ছামান উদ্দিন (৩৫) নামের এক বাক্প্রতিবন্ধী নিহত হয়েছেন। তিনি ওই খামারে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এ সময় বজ্রপাতে আরও তিন ব্যক্তি আহত হন। এলাকাবাসী জানান, কর্মচারীরা গতকাল সন্ধ্যায় খামারে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ছামান ঘটনাস্থলেই নিহত হন। এতে অপর তিন কর্মচারী আজিম উদ্দিন, ইদ্রিস আলী ও আমান আলী আহত হন। l গাজীপুর প্রতিনিধি