একনজরে
ব্যবসায়ীকে উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাথাভাঙা নদীর পাড় থেকে গতকাল রোববার সকালে আবদুল গনি (৩৮) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ছয়টার দিকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়। গত বৃহস্পতিবার রাতে তিনি আদাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহূত হন। অসুস্থ অবস্থায় তাঁকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। l কুষ্টিয়া অফিস
নওগাঁয় শিশু সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে সিসিমপুর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. এনামুল হকের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি নওগাঁ শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিশু একাডেমী নওগাঁ জেলা শাখার আয়োজনে শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। l নওগাঁ সংবাদদাতা
অনাস্থা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউএনওর কাছে পরিষদের আট সদস্য লিখিতভাবে এই অনাস্থা প্রস্তাব দিয়েছেন। মজলুল হক বলেন, ‘ইউপি সদস্যরা আমার কাছে অবৈধ সুবিধা না পেয়ে এই অনাস্থা প্রস্তাব দিয়েছেন।’ ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। l জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি