একনজরে
ভারতীয় কাপড় উদ্ধার
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রিপিস জব্দ করেছেন। গতকাল বুধবার ভোরে কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্তে ও শহরের বাঁকাল এলাকা থেকে তাঁরা এসব পণ্য জব্দ করেন। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনিছুর রহমান বলেন, ভোরে মাদ্রা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি বাড়িতে অভিযান চালান। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় সাড়ে ১৬ লাখ টাকার শাড়ি ও থ্রিপিস আটক করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা শহরের বাঁকাল এলাকায় একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে দেড় লাখ টাকা দামের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। l নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সঞ্চরণসভা
সিলেট নগরের বারুতখানায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় অধ্যাপক মোজাফ্ফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সঞ্চরণসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমের সঞ্চালনে ওই সভা অনুষ্ঠিত হয়। l সিলেট প্রতিনিধি
সেতু উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই সড়কের দাঁতমণ্ডল এলাকায় কুকুরিয়া নদীর ওপর নির্মিত সেতুটির উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে তিন কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়। স্থানীয় সাংসদ মোহামঞ্চদ সাইদুল হক গতকাল বুধবার বিকেলে এর উদ্বোধন করেন। l সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার মধুছড়ার গহিন অরণ্য থেকে পুলিশ গতকাল বুধবার পা বাঁধা ও হাত কাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া বলেন, স্থানীয় লোকজন খবর দিলে গতকাল বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, তিন থেকে চার দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। l নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার