একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট...

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া (২৪) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। লাল মিয়ার পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাল মিয়া নিজের কক্ষে বৈদ্যুতিক বাল্ব লাগাচ্ছিলেন। এ সময় একটি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। l ধুনট (বগুড়া) প্রতিনিধি

রক্তদান কর্মসূচি

নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার সকালে নীলফামারীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। জেলা শহরের উকিলের মোড় এলাকায় অবস্থিত বেসরকারি সংস্থা ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন মো. শওকত আলী। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য) মো. শাহজাহান আলী, জেলা ব্যবস্থাপক রইস উদ্দিন প্রমুখ। জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। l নীলফামারী প্রতিনিধি

সাপের কামড়ে...

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাপের কামড়ে আবদুর রশিদ (৪২) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় আবদুর রশিদ সাপ খেলা দেখানোর পর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির কাছে এসে মাটিতে লুটিয়ে পড়েন। ডান পায়ে সাপের কামড়ের দাগ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়। আবদুর রশিদ নওগাঁ সদর উপজেলার শৈলকোপা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। l নওগাঁ সংবাদদাতা

প্যানেলভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবিতে গতকাল সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ বাস্তবায়ন কমিটির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শেষে কমিটির সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। মানববন্ধন চলাকালে ওই কমিটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হরষিত মণ্ডল, প্রচার সম্পাদক ফজলুল হক, সদর উপজেলা শাখার সভাপতি হাবিবুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। l নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুর থেকে বিনা অনুমতিতে মাছ ধরার দায়ে শহর আলী (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ তাঁর কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এ দণ্ড দেন। শহর আলীর বাড়ি কুষ্টিয়া পৌরসভার পশ্চিম মজমপুর এলাকায়। পরে ওই দিনই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। l কুষ্টিয়া অফিস

পুলিশে সোপর্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ডাকাত সন্দেহে তিন তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলার বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক তিন তরুণ হলেন উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মামুন দেওয়ান, রসুলপুর গ্রামের নয়ন শেখ ও একই গ্রামের ফারুক শেখ। পুলিশ তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে। l গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মা-মেয়ে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসের চাপায় মা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার ডলি রিসোর্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাস ওই স্থানে চৌদ্দগ্রামগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে ইভা (১) নিহত হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মা শারমিন আক্তার (২২) ও করপাটি গ্রামের আবদুল মান্নান (৩৬) মারা যান। l চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

দুটি ব্যাটালিয়ন

আরও দক্ষভাবে সীমান্ত-ব্যবস্থাপনা করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরে নতুন দুটি ব্যাটালিয়ন হচ্ছে। সিলেটের বিয়ানীবাজার ও হবিগঞ্জের চুনারুঘাটে বিজিবির ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে বিজিবির সিলেট সেক্টরে ব্যাটালিয়নের সংখ্যা হবে ছয়। গতকাল সোমবার সকালে সিলেটের আখালিয়ায় বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান সিলেট সেক্টরের উপমহাপরিচালক কর্নেল খায়রুজ্জামান। l নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছেলেকে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের জহিরুল হক (২০) নামের এক তরুণকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর বাবা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, কয়েক বছর ধরে জহিরুল হক বখাটেপনা, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে তাঁর বাবা মিজানুর রহমান অতিষ্ঠ হয়ে গতকাল সোমবার তাঁকে পুলিশের হাতে তুলে দেন। l সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সাংবাদিকদের প্রতিবাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রলির চাপায় সাংবাদিক আল আমিন নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালদী-বিশনন্দী সড়কে উপজেলা সদরের পূবালী ব্যাংকের মোড়ে গতকাল সোমবার সকালে সাংবাদিকেরা সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা ট্রলিচালকের ফাঁসি এবং অবৈধ ট্রলি ও নছিমন-করিমন বন্ধ এবং এসব যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গত রোববার ট্রলির চাপায় আল আমিন প্রাণ হারান। l নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট হয়ে যাওয়া খাল সংস্কারে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে তারাবো পৌর এলাকার পানিনিষ্কাশনের খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন তারাব পৌর মেয়র

শফিকুল ইসলাম। l নারায়ণগঞ্জ প্রতিনিধি

লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গতকাল সোমবার সকালে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জরজ প্রতাব শিবতলী এলাকার শফিকুল ইসলাম (৪২)। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, এলাকাবাসী চান্দনা চৌরাস্তা এলাকার একটি দোকানের পেছনে লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল

মর্গে পাঠায়। l গাজীপুর প্রতিনিধি

যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত কাউসার (১৮) গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় গত রোববার রাতের সংঘর্ষে কাউসারসহ ১০ জন আহত হন। কাউসার স্থানীয় আইয়ুব আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, কাউসারের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার গতকাল রাত ১০টা পর্যন্ত মামলা করেনি। l নারায়ণগঞ্জ প্রতিনিধি