একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী বরখাস্ত

পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) পিরোজপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুজ্জামানকে গত বুধবার দুপুরে বরখাস্ত করা হয়েছে। ওজোপাডিকোর খুলনা অঞ্চলের উপমহাব্যবস্থাপক আলমগীর কবির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে পিরোজপুর কার্যালয়ে কর্মরত সহকারী প্রকৌশলী ময়নুদ্দিনকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। ময়নুদ্দিন জানান, গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পিরোজপুরে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সঠিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় কাজী মনিরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। l পিরোজপুর প্রতিনিধি

শাশুড়ি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুতুল বেগম (২২) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে গত বুধবার হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় শাশুড়ি নূরজাহান বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভাইজোরা গ্রামের অলি হাওলাদারের (২৫) সঙ্গে মঠবাড়িয়ার কলেজপাড়ার পুতুল বেগমের বিয়ে হয় সাত বছর আগে। বিয়ের পর থেকে পুতুলকে স্বামী ও শাশুড়ি শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকজন পুতুলকে শ্বাসরোধে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। l মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পানিতে ডুবে মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে গতকাল বৃহস্পতিবার প্রিয়া দাস (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তালা উপজেলার গোপালপুর গ্রামের শুকদেব দাসের মেয়ে। শুকদেব জানান, বেলা দুইটার দিকে তিনি ও তাঁর স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। মেয়ে বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সে বাড়ির পাশের গর্তে পড়ে যায়। গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা যায় শিশুটি। l নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ধর্মঘট স্থগিত

নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক সড়ক ও জনপথ বিভাগের সৈয়দপুর অতিথিশালায় বেলা একটা থেকে দুই ঘণ্টা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসকের কাছ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস পেয়ে পরিবহন মালিকেরা সৈয়দপুরে তাঁদের আহূত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেন। l সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানগড়ায় বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাগারে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোয়ারা সুলতানা। বক্তব্য দেন রায়গঞ্জের ইউএনও মো. ফিরোজ শাহ্, অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, বিজয় কুমার সাহা, কামরুল হাসান, ফরিদুল ইসলাম, সুমাইয়া হক, জীবননেছা মিন্নাত, আতিয়া নাজমিন, মারিয়া তালুকদার প্রমুখ। রায়গঞ্জ। l (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

মতবিনিময় সভা

নাটোরে এনটিসিসিএ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চ নাটোর জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। নাটোর বারের সাবেক সভাপতি আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দীপ্ত বসু মূল বক্তব্য উপস্থাপন করেন। রত্না আহমেঞ্চদ, রণেন রায়, সুখময় রায়, বুলবুল আহমেঞ্চদ প্রমুখ বক্তব্য দেন। l নাটোর প্রতিনিধি।

গণপিটুনি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় গোড়াই-সখীপুর সড়কে ওই ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন মো. জীবন মিয়া (২৬), নজরুল ইসলাম (৪৫) ও মাহবুবুর রহমান (২৫)। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, গণপিটুনির শিকার ছিনতাইকারীরা এর আগে গোড়াই-সখীপুর সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি করতেন। l মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

উল্লাস

নেত্রকোনার মদন উপজেলার হাজী আবদুল আজিজ খান ডিগ্রি মহাবিদ্যালয়কে জাতীয়করণ করায় গতকাল বৃহস্পতিবার উল্লাস করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও হাওরাঞ্চলের কৃষক পরিবারের সন্তানেরা। শিক্ষার্থী আবদুল আউয়াল ও গোলাপ মিয়া জানায়, ‘আমাদের এ অঞ্চলে সরকারি কলেজ না থাকায় আমাদের লেখাপড়ায় খরচ পড়ত বেশি। আমরা এখন সরকারি কলেজের সনদ পাব। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবদুল হক বলেন, ‘এটি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।’ l নেত্রকোনা প্রতিনিধি

একাত্তরের চিঠি

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত একাত্তরের চিঠি অবলম্বনে

মঞ্চায়িত হয়েছে নৃত্যনাট্য দ্রোহকাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটোরিয়ামে নৃত্য সংগঠন নৃত্যশৈলীর শিল্পীরা এটি মঞ্চায়ন করেন। সংগঠনটির অষ্টম প্রযোজনা এটি। নাট্যরূপ দিয়েছেন হুমায়ূন কবীর। নির্দেশনা দিয়েছেন নীলাঞ্জনা যুঁই। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন ঢাকার নৃত্যশিল্পী সুলতানা হায়দার ও সাজু আহমেদ। l সিলেট প্রতিনিধি

হামলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খোলাপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী ইয়াছিন আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় অন্তত তিনজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর বাড়ি পরিদর্শন করা হয়েছে। l গাজীপুর প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার ২

টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ী এলাকা থেকে গত বুধবার রাতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাজু হোসেন (২২) ও কবিতা আক্তার (২১)। তাঁদেরকে টঙ্গী মডেল থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করেন র‌্যাব-১-এর উপসহকারী পরিচালক মো. হানিফ। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। l টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

জরিমানা

গাজীপুর জেলা শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যামাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ওই অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী হাকিম তৌহিদ বিন হাজাস। l গাজীপুর প্রতিনিধি