একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রেসক্লাবের সমেঞ্চলনকক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় কপোতাক্ষ নদ খনন প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন কেন্দ্রীয় পানি কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ বি এম শফিকুল ইসলাম। বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

রবীন্দ্র-নজরুলজয়ন্তী

রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাচান আলী বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা বাংলাসাহিত্যের দুই নক্ষত্রের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।  রাজবাড়ী প্রতিনিধি

ফেনসিডিল উদ্ধার

ফরিদপুরে গতকাল বুধবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় এলাকায় ভেসপা মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে থেকে ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় শিমুল মোল্লা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  ফরিদপুর অফিস

পঞ্চগড়ের বোদা উপজেলায় গত মঙ্গলবার বিকেলে বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হন। গুরুতর আহত শরিফকে (২৮) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সালামের বাড়ি বোদা উপজেলার ভাসাইনগর এলাকায়। উপজেলার মন্নাপাড়া এলাকায় এমএমএল ইটভাটার শ্রমিকেরা বৃষ্টির সময় কারখানার বারান্দায় বসেছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সালাম মারা যান।  পঞ্চগড় প্রতিনিধি

অব্যাহতি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আরমান আলীর সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার জয়পুরহাট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাফিজ আল তামিজ ও সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা স্বাক্ষরিত এক পত্রে এ অব্যাহতি দেওয়া হয়। ২৫ মে উপজেলার মামুদপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে জেলা যুবলীগের বিভিন্ন রাজনৈতিক নির্দেশনা অমান্য করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিরূপ ও অরাজনৈতিক আচরণ করার অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাদ্য গুদামে ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান, চাল ও গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম পাঁচ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি গম ক্রয় করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

পোনা নিধন বন্ধে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পোনা নিধন বন্ধে সচেতনতা বাড়াতে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। গতকাল বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ প্রচার চালানো হয়। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এ কে এম মহসীন জানান, সরকারি ঘোষণা অনুযায়ী বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে উপজেলার প্রতিটি হাটবাজার ও জলমহাল এলাকাগুলোতে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

টেম্পো খাদে পড়ে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টেম্পো খাদে পড়ে আবু তাহের (৪২) নামের এক ব্যক্তি নিহত ও ২২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার মেন্দুরা সেতু এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাহের সরাইল উপজেলার গুনাইর গ্রামের বাসিন্দা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, বিকেল পাঁচটার দিকে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ওই স্থানে একটি টেম্পো উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তাহের মারা যান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল বুধবার মো. দেলোয়ার মিয়া নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছ কেটে পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বন আইনে ২০০৬ সালের আগস্টে একটি মামলা হয়। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বিচারক তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে...

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে তার সৎভাই বাবুকে (২৩) গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। দোহার থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া বাবুর মা বেঁচে নেই। গত সোমবার দিবাগত রাতে বাবু তাঁর বোনের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এ ব্যাপারে শিশুটির মা দোহার থানায় মামলা করেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় সাংবাদিক আল আমিন হাওলাদারের নিহত হওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো দোষী ব্যক্তিদের বিচার ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে আড়াইহাজার সদরের দুবাই প্লাজার সামনে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিরা। বক্তারা বলেন, অবৈধ যানবাহন ট্রলি, নছিমন চলাচল বন্ধ না করলে সাংবাদিকেরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডাকাতি

গাজীপুরের টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার প্রবাসী মো. নুরুল কবিরের বাড়িতে ডাকাতি হয়েছে। ৮-১০ জন ডাকাত গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে জিম্মি করে। পরে স্বর্ণালংকার ও টাকা মিলিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতেরা নুরুল কবিরকে কুপিয়ে জখম এবং তাঁর বৃদ্ধ মাকে রড দিয়ে পেটায়। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল কবির। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি