একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাবজ্জীবন দণ্ড

ফরিদপুরে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে তিন ব্যক্তিকে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের বিশেষ জজ শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরের ১ নম্বর হাবেলী গোপালপুর মহল্লার আরিফুল ইসলাম (৩৮), শহরের মধ্য আলীপুর মহল্লার রনী শেখ (২৮) এবং ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের মোশাররফ হোসেন (৩১)।

l ফরিদপুর অফিস

সংবর্ধনা

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহায়তায় ইয়েস গ্রুপের উদ্যোগে ২০১৩ সালে এসএসসির সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভা হলে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। শপথবাক্য পাঠ করান সনাকের সভাপতি মো. শাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা।

l নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর চা-বাগানে গতকাল বৃহস্পতিবার মেশিনে পা কেটে রতন কুমার গউড় (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই বাগানের মন্দিরপাড়া এলাকার রবি গউড়ের ছেলে।  চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাউড়ি জানান, বেলা দুইটার দিকে চা-বাগানের কারখানার মেশিনে চা-পাতা দিতে গিয়ে রতনের পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রতনকে মৃত ঘোষণা করেন।

l মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা (২৩) এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদনগর এলাকা থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, উদ্ধার হওয়া লাশের মাথা ছিল না। পচে গলে গেছে। তবে লাশটি একজন তরুণীর। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

l নারায়ণগঞ্জপ্রতিনিধি