একনজরে
সংগ্রহ অভিযান শুরু
কুষ্টিয়ায় গতকাল সোমবার থেকে চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জগতি খাদ্যগুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব। এদিকে অভিযানের প্রথম দিনই ওজনে কম থাকায় খাজানগর এলাকার এক ব্যবসায়ীর তিন ট্রাক চাল ফেরত দেওয়া হয়েছে। ইউএনও বলেন, চলতি মৌসুমে কুষ্টিয়া সদর উপজেলায় ১২ হাজার মেট্রিক টন চাল কেনা হবে। এ জন্য ৭০০ চালকল-মালিকের সঙ্গে চুক্তি করেছে সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর চাল সংগ্রহের এই অভিযান শেষ হবে। l কুষ্টিয়া অফিস
ধূমপানের দায়ে...
সিরাজগঞ্জে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ (সংশোধনী) আইনের আওতায় গত শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় জেলা শহরের বিভিন্ন দোকান থেকে ধূমপানের বিজ্ঞাপনের উপকরণ অপসারণ ও জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে ধূমপান করায় দুজনকে জরিমানা করা হয়। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন দোকানে ধূমপানবিরোধী এ অভিযান চালানো হয়। এ সময় থানা পুলিশের সহায়তায় শহরের ৪০টি দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট ইত্যাদি অপসারণ করা হয়। এ ছাড়া ১৮টি দোকান থেকে বিভিন্ন সিগারেটের বিজ্ঞাপন ছাপা বাক্স-জাতীয় বিভিন্ন আকারের বস্তু উদ্ধার করে ভাঙচুর করা হয়। পরে এগুলো পুড়িয়ে দেওয়া হয়। l নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সুনামগঞ্জে বালুভর্তি একটি বাল্কহেড ডুবে আলী নুর (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার উড়ারকান্দা গ্রামের চলতি নদীতে এ ঘটনা ঘটে। আলী নুরের বাড়ী উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে আলী নুরসহ দুজন শ্রমিক কাজ শেষে নৌযানটির ভেতর ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে দমকা হাওয়ায় যানটি ডুবে যায়। দুপুরে নদী থেকে আলী নুরের লাশ উদ্ধার করা হয়। l সুনামগঞ্জ অফিস