একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদের মধ্যে শাকিব (১১) চতুর্থ শ্রেণী ও সিয়াম (১০) তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তারা সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত। মালিথাপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে সাকিব ও রফিকুল ইসলামের ছেলে সিয়াম গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

অপসারণ

বগুড়ার ধুনটে চিকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে অর্থ আত্মসাতের দায়ে অপসারণ করা হয়েছে। এলজিএসপি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, ৮ নম্বর ওয়াডের সদস্য হাসান আলী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ প্রকল্পের কাজ না করে ৮৫ হাজার ৭১৪ টাকা আত্মসাত করেছেন। হাসান আলী প্রতিকার চেয়ে বগুড়া জেলা প্রশাসকে কাছে আবেদন করেছেন। সুলতান মাহমুদ বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেননি। আমি ঘটনার সঙ্গে জড়িত নই।’  ধুনট (বগুড়া) প্রতিনিধি।

রেড ক্রিসেন্ট দিবস

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিট আয়োজিত আলোচনা সভায় সংস্থার সাধারণ সম্পাদক হাসান হাবিবুর রহমান, সহসভাপতি মজিবুল হাসান চৌধুরী, সদস্য হাসিনা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।  নীলফামারী প্রতিনিধি।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল বুধবার দুপুরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ২৩টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় ২৩টি কৃষক সংগঠনকে এ পাওয়ার টিলার দেওয়া হয়। এ সময় স্থানীয় সাংসদ মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা রসময় মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।

পানিতে ডুবে মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামে গতকাল বুধবার বেলা ১১টায় পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু হাবিবার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মেছাঘোনা গ্রামের হাফিজুর রহমান মোল্যার মেয়ে হাবিবা সকালে বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় তাকে না দেখে বাড়ির লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরে তল্লাশি করে তাকে পাওয়ার পর দ্রুত ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইউনুস আলী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। খুলনা প্রতিনিধি।

ডাকাতির চেষ্টা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় ডাকাতেরা বাড়ির কেয়ারটেকার ইব্রাহিম শেখকে (৪০) কুপিয়ে জখম করে। এটি হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আছাদুজ্জামানের পৈতৃক বাড়ি। আহত ইব্রাহিম শেখ গোপালপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য। তিনি ডিআইজির ভাগনে ও ওই বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর পিঠে পাঁচটি, বাঁ হাতে চারটি, ডান হাতে তিনটি, দুই পায়ে ও বাঁ কানে একটি করে কোপ লেগেছে। ফরিদপুর অফিস।