একনজরে
প্রতিযোগিতা শুরু
সিরাজগঞ্জে ৩৩তম আন্তজেলা জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতা সাত দিনব্যাপী চলবে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা দল। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামী লীগ নেতা হাবিবে মিল্লাত। l সিরাজগঞ্জ অফিস
রেলযাত্রী নিহত
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজের গার্ডারে ধাক্কা লেগে বৃহস্পতিবার রাতে মুসা হাওলাদার (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর বাড়ি খুলনার বঠিয়াঘাটা উপজেলার বিরাজবাড়ি গ্রামে। রাত দুইটার দিকে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। ওই যাত্রী ট্রেনের ছাদে থাকায় ব্রিজ পার হওয়ার সময় গার্ডারে ধাক্কা লেগে আহত হন। পরে বড়াল ব্রিজ স্টেশনের যাত্রীরা উদ্ধার করে তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। l পাবনা অফিস
কোস্ট ট্রাস্টের সহযোগিতায় ভোলায় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পাঁচ হাজার টাকা মূল্যের ফ্যামিলি কিটবক্স প্রদান করেছে ইউনিসেফ। গতকাল শুক্রবার ভোলার তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে চাঁদপুর-সম্ভুপুর, চাচড়া, মলংচড়া ও সোনাপুরের ৩০০ পরিবারের মধ্যে এ কিটবক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিনের ইউএনও খায়রুল হাসান, চাঁদপুর ইউপির চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, কোস্ট ট্রাস্টের টিম লিডার মোফাজ্জেল হক, সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ। l ভোলা অফিস
সমন জারি
পঞ্চম শ্রেণীর ছাত্রকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে শিক্ষক নিরঞ্জন হালদারের বিরুদ্ধে সমন জারি করেছেন ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। নির্যাতিত শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার বিচারক মো. আরীফুজ্জামান সমন জারি করেন। কাঁঠালিয়া উপজেলার উত্তর আমুয়া গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের একমাত্র ছেলে জাহিদ হোসেন বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। গত ১৮ ফেব্রুয়ারি পড়া না পারার অজুহাতে নিরঞ্জন হালদার তাকে চড়-থাপড় ও একপর্যায়ে মাথার চুল ধরে সজোরে টান দিলে মাথার চুল চামড়াসহ উঠে আসে। l ঝালকাঠি প্রতিনিধি
জরিমানা
টাঙ্গাইলের সখীপুরে একটি করাতকলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বনের পাশে করাতকল স্থাপনের অপরাধে আদালত গত বৃহস্পতিবার তাঁকে এ দণ্ড দেন। টাঙ্গাইল বন বিভাগের হাতিয়া রেঞ্জের কালিদাস বিট কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ২০০ গজ দূরে এবং সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে স্থানীয় ফরিদ হোসেন অবৈধভাবে করাতকল স্থাপন করেছিলেন। আদালত পরিচালনাকারী উপেজলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ওই এলাকায় অবৈধভাবে স্থাপিত অন্যান্য করাতকলে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। l সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বজ্রপাতে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চান্দেপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম আছমা বেগম (২৫)। তিনি উপজেলার চান্দেপাড়া গ্রামের নসু মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নসু মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হন। বাড়ির দক্ষিণ পাশে খোলা জায়গায় হাঁটাহাঁটি করার সময় হঠাৎ বজ্রপাতে আছমা ঘটনাস্থলেই মারা যান। নসু মিয়া (৩০) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। l ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গতকাল শুক্রবার দুই শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ওই চিকিৎসাসেবা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ড্যাব নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ও সার্জারি বিশেষজ্ঞ মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনিসহ আটজন বিশেষজ্ঞ চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনা মূল্যে ওষুধও দিয়েছেন। l নারায়ণগঞ্জ প্রতিনিধি
বজ্রপাতে মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসাইল গ্রামে গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ির উঠানে কাজ করছিলেন গৃহবধূ কুলসুম বেগম (৪৫)। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কুলসুমের স্বামী জলিল মোল্লা স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের চার সন্তান রয়েছে। l মানিকগঞ্জ প্রতিনিধি