একনজরে
সড়কে গণডাকাতিনোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-চরজব্বার সড়কের আইন্নালাচায় শুক্রবার গভীর রাতে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পাঁচটি পিকআপ ভ্যানের চালক ও চালকের সহকারীদের মারধর করে ১২টি মোবাইল ফোনসেট ও ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সুধারম থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় চারজন আহত হয়। নোয়াখালী অফিসগৃহবধূ অগ্নিদগ্ধপটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি গ্রামে শিল্পী বেগম (২৫) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রান্নাঘরের আগুন ঘরে ছড়িয়ে পড়লে তিনি এ দুর্ঘটনার শিকার হন। শিল্পী বেগম চরগরবদি গ্রামের রিকশাচালক মিজানুর রহমানের স্ত্রী। অগ্নিকাণ্ডের সময় মিজানুর বাড়িতে ছিলেন না। পটুয়াখালী অফিসশ্রমিকদের সমাবেশসিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে গতকাল রোববার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রমিক কর্মচারী ইউনিয়নের মহাসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। এ সময় তিনি সওজের ছয় হাজার ৫৫১ জন কার্যভিত্তিক কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এতে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, সংসদ সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপ্রবাসীর বাড়িতে চুরিসিলেটের বালাগঞ্জের জালালপুর গ্রামের যুক্তরাজ্য-প্রবাসী জব্বার মিয়ার বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়েছে। জব্বার মিয়ার ভায়রার ছেলে নজরুল ইসলাম প্রথমে বাড়ির লোকজনকে কোমল পানীয় আরসি কোলার মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে তাঁদের পান করতে দেয়। এতে ওই পরিবারের ছয় সদস্য অজ্ঞান হয়ে গেলে নজরুলসহ একদল চোর আলমারি ভেঙে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে নজরুল পলাতক। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি