একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যালয়ে হামলা

ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল সোমবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক আনসার সদস্যকে পিটিয়ে আহত করে এবং কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত ওই কার্যালয়ে হামলা চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাসপোর্ট কার্যালয়ের সহকারী উপপরিচালক খোরশেদ আলম বলেন, ‘কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা আমার বোধগম্য নয়।’ l ফরিদপুর অফিস

জাল টাকাসহ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১০০ টাকার ২৮টি জাল নোটসহ মো. সুজন শেখ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরের দিকে সুজন দৌলতদিয়া ঘাট টার্মিনাল-সংলগ্ন একটি দোকানে বসে চা-বিস্কুট খেয়ে ১০০ টাকার একটি নোট দেন। নোটটি জাল বলে সন্দেহ হওয়ায় ওই দোকানি টাকাটা পরিবর্তন করতে বলেন। পরে সুজন আরেকটি ১০০ টাকার নোট দেন। সেটিও জাল বলে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করেন এবং তাঁর কাছ থেকে ২৮টি জাল নোট উদ্ধার করেন। l গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মাদক সেবনের দায়ে

গোপালগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত নয়টার দিকে সদর থানার বৌলতলী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত অভিযান চালিয়ে পাটকেলবাড়ী বাজার থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। ওই দিন রাতেই তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক তাঁদের একজনকে ছয় মাস এবং অপরজনকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। l গোপালগঞ্জ প্রতিনিধি

দণ্ড ও জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদমদীঘিতে মাদক সেবন ও ছিনতাইয়ের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ও জরিমানা করেছেন। মাদক সেবন করায় উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের মনোয়ার হোসেন ও সান্তাহার খাড়ির ব্রিজ এলাকার আকতার হোসেনকে তিন মাস করে বিনা শ্রম কারাদণ্ড এবং ছাতনির পানলা গ্রামের হানিফ উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ছিনতাইয়ের দায়ে নাটোর সদর উপজেলার জঙ্গি গ্রামের রমজান আলী এবং লালপুরের ঘাট চিলান গ্রামের খোকন ও জাহিদ হাসানকে এক মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। l আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

পৌরসভার বাজেট

পাবনা পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রায় ৭৯ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তবে নতুন কোনো কর আরোপ করা হয়নি। গতকাল সোমবার দুপুরে পাবনা পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কামরুল হাসান। বাজেটে মোট আয় দেখানো হয়েছে প্রায় ৭৭ কোটি ৫১ লাখ টাকা। অন্যদিকে রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে প্রায় ৭২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। l পাবনা অফিস

পিস্তলসহ গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা রোববার রাত নয়টার দিকে অভিযান চালিয়ে পাবনা মধ্য শহরের মহিলা কলেজ সড়কের রবিউল মার্কেট এলাকা থেকে অস্ত্রসহ সাখাওয়াত-উল-ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি পৌর সদরের শালগাড়িয়া পুরাতন এতিমখানা মহল্লায়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। l পাবনা অফিস

রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে নির্মাণাধীন তিনটি ভবনের মালিকদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, ভবনের মালিক রেজাউল ইসলামকে পাঁচ হাজার, মামুনকে পাঁচ হাজার ও আবদুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। l সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

লাশ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলার কারারকান্দি-বাহেরখোলা সড়কের কেরা ফকিরের মাজারসংলগ্ন খালের পশ্চিম পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার হোমনা থানার পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা করেছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহমেদ জানান, নিহত ব্যক্তির পরনে গোলাপি রঙের জামা ও জিনসের প্যান্ট ছিল। l নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় গত ৩০ মে রাতে দম্পতি খুনের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হারেছ আলী (৪৫), খলিল মিয়া (৩২) ও আনোয়ার হোসেন (২৫)। তাঁদের মধ্যে দুজনের বাড়ি ভালুকার ঝালপাঁজা গ্রামে। পুলিশ জানায়, মুঠোফোনের সূত্র ধরে গত রোববার রাতে ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ উত্তরার একটি সড়ক থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে। l ময়মনসিংহ অফিস