একনজরে
সংবর্ধনাব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গতকাল মঙ্গলবার সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ খান। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিআমদানি-রপ্তানি বন্ধসিলেটের তামাবিল স্থলবন্দরে গতকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতে ব্যবসায়ীদের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ভারতীয়রা কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি করছে না। এতে বাংলাদেশ সরকার প্রতিদিন কয়েক লাখ টাকার রাজস্ব হারাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেটকমিটি বাতিলঅনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। গত রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক নাজিমুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এ কমিটি বাতিল করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহম্মদের বিরুদ্ধে ব্যক্তিগত কাজে বাইরে যাওয়া, বিদ্যালয়ে উপস্থিত না থেকেও নিয়মিত যাতায়াত ভাতার বিল তোলা, হাজিরা খাতায় জালিয়াতি করাসহ নানা ধরনের অভিযোগ ওঠে। বোর্ডের তদন্তের পর কারণ দর্শানোর নোটিশের জবাবও তিনি দেননি। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।জেলা সম্মেলনখুলনা নগরের বিএমএ ভবন মিলনায়তনে গত সোমবার দুপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির খুলনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক অধ্যাপক তাপস বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাজাহান কবির ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম শামিমুল হক। সম্মেলনে তাপস বিশ্বাসকে সভাপতি ও জাকির মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নবম খুলনা জেলা কমিটি গঠন করা হয়। খুলনা অফিস।বগি লাইনচ্যুতঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার সদর রসুলপুর রেলস্টেশনের দক্ষিণ আউট সিগন্যালের কাছে গত সোমবার বিকেলে ঢাকাগামী ৩নং কর্ণফুলী একপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পাঁচটা ৪৫ মিনিটে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় চট্টগ্রামগামী পাহাড়িকা একপ্রেস, ঢাকাগামী উপকূল একপ্রেসসহ একাধিক মেইল ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়ে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।