একনজরে
ছিনতাইকারী আটকসিলেটের লাখাউড়া থেকে গতকাল রোববার ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পুলিশ তাঁদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার ও দুইটি মোটরসাইকেল আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন, কদমতলীর সেলিম আহমদ, সদরের উমাইরগাঁওয়ের রাজা মিয়া ও হাদারী চকের সাইদ আহমদ। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাঁদের থানাহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেটসচেতনতা কার্যক্রম শুরুসরকারি ক্রয় বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতনতা বৃদ্ধি এবং সরকারি ক্রয় আইন ও বিধিমালা জনপ্রিয় করে তোলার লক্ষ্যে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী অ্যাডভোকেসি ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ নরসিংদীতে প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ঠিকাদার, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। পিপিআরপি-২-এর আওতায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কার্যক্রম বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বুড়বুড়িয়া চা-বাগান থেকে গতকাল রোববার পুলিশ এক অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সুধীন দাশ জানান, দুপুরে চা-বাগানের বাসিন্দারা খবর দিলে পুলিশ লাশটি বাগানের কাছের একটি খাল থেকে উদ্ধার করে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিডাকাতিমৌলভীবাজার পৌরসভার পশ্চিম বড়হাটে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে পশ্চিম বড়হাটের হোটেল ব্যবসায়ী আলী হোসেনের বাড়িতে আটজনের ডাকাতের একটি দল ঢোকে। ডাকাতরা তিনটি আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোনসেট নিয়ে গেছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধিদুর্নীতির অভিযোগেবগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ ইউনিয়নের ভূমি কার্যালয়ের এমএলএস এনামুল হক নন্দীগ্রামে কর্মরত থাকাকালে চার ভূমি-মালিকের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করেছেন—তদন্তে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ভূমি রাজস্ব আদায়ে ব্যর্থতা ও সরকারি স্বার্থ রক্ষায় অবহেলার দায়ে শাজাহানপুর উপজেলার ভূমি কর্মকর্তা শামিমুজ্জামান ও বগুড়া সদর উপজেলার ভূমি কর্মকর্তা এ এইচ এম জাকির হোসেনের বেতন বাড়ানো এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া বিক্ষোভ সমাবেশরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন ও বিচার, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগসহ বিভিন্ন বিভাগে সন্ধ্যাকালীন কোর্স চালুর প্রতিবাদে গত শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। অবিলম্বে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে ছাত্রজোটের উদ্যোগে ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও পালন করা হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী এ কোর্স চালুর প্রতিবাদে ও অবিলম্বে তা বাতিলের দাবিতে স্বাক্ষর করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসাত দফা দাবিউত্তরাঞ্চল তথা সমতলের আদিবাসীদের ভূমির অধিকার, জীবনের নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্যসহ জীবন-জীবিকার সমস্যা সমাধানের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গতকাল রোববার দিনাজপুরে আদিবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে। দুপুর ১২টায় শহরের নাট্য সমিতি মিলনায়তন থেকে মিছিলটি বের হয়। পরে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের নেতৃত্বে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন। দিনাজপুর অফিস