একনজরে
বিক্ষোভ সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া প্রমুখ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিবখাটে গ্রেপ্তারসুনামগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে বখাটেদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে পুলিশ গতকাল বৃহস্পতিবার শহীদুল ইসলাম নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে। সে সদর উপজেলার মদনপুর গ্রামের মতলিব মিয়া ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ প্রতিনিধিকমিউনিস্ট পার্টির জনসভাসিলেট নগরের কোর্ট পয়েন্টে যুদ্ধাপরাধীদের বিচারসহ তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার জনসভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখা। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য। বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সহসভাপতি সৈয়দ মনির হেলাল প্রমুখ। এদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সিলেট প্রতিনিধিপিটিয়ে মারার হুমকিচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রকল্প কার্যালয়ের সহকারী কাজল চন্দ্র দাশকে অশালীন গালিগালাজের পর পিটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য নির্বাচিত কমান্ডার খাইরুল বশর মুন্সি এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ জুলাই কাজল চন্দ্র এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এ বিষয়ে খাইরুল বশর মুন্সি বলেন, কাজল তাঁর সঙ্গে বেয়াদবি করেছেন। তাই তাঁকে শাস্তি দিতে চেয়েছিলেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিদুর্নীতিবিরোধী কর্মসূচিবরগুনার আমতলীতে ইউএসএআইডি-প্রগতি প্রকল্পের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা এনএসএস গত মঙ্গলবার বিকেলে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের ভূঁইয়া। বক্তব্য দেন তরুণ কৃষক শাহ জালাল, স্কুলছাত্র রাসেল, কলেজছাত্র আল-আমিন, এনজিওকর্মী চন্দ্রলেখা, ইউপি সদস্য শেফালী রানী, সংবাদকর্মী ভজহরি কুণ্ডু, রেজাউল করিম, কলেজশিক্ষক নজরুল ইসলাম। আমতলী (বরগুনা) প্রতিনিধিরিকশাচালক ছুরিকাহত কুমিল্লার নাঙ্গলকোটে গত মঙ্গলবার দিবাগত রাতে দুই পথচারী রক্তমাখা ছোরাসহ বিল্লাল হোসেন (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিল্লাল নাঙ্গলকোট উপজেলার কাদবা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রিকশাচালক শিপনকে (২৪) উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শিপন পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ফাগুনকরা গ্রামের আবদুল মান্নানের ছেলে। নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি