একনজরে
নিহত ১
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা ক্যানেলের ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রলি খাদে পড়ে গেলে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক তরুণ নিহত হন। তিনি ওই ট্রলির চালক ছিলেন। গত সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-রংপুর সড়কের পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পাগলাপীর গঞ্জিপুর গ্রামের মকমল হোসেনের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কর্মশালা
জলবায়ু পরিবর্তনজনিত খাদ্যনিরাপত্তায় নতুন শস্য বিন্যাসের তাৎপর্য এবং বাস্তবায়ন অভিজ্ঞতাবিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিসের (আরডিআরএস) প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস পঞ্চগড় শাখা আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহউদ্দিন। আরডিআরএসের জেলা সমন্বয়কারী জেবা আফরোজার সভাপতিত্বে কর্মশালায় শস্য উৎপাদন বিশেষজ্ঞ সহিরউদ্দিন আহামঞ্চদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন প্রমুখ বক্তব্য দেন।
গঙ্গাস্নান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গতকাল গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। পদ্মার শাখানদী পাগলা হিন্দুধর্মাবলম্বীদের কাছে তুলসী গঙ্গা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার পুণ্যার্থী গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই গঙ্গাস্নানে অংশ নেন। আগের দিন সন্ধ্যা থেকে কানসাট রাজবাড়ি মাঠে এ উপলক্ষে মেলা বসেছে। স্থানীয় গঙ্গা আশ্রমের সভাপতি সুবোধ কুমার দত্ত জানান, শত বছরের বেশি সময় ধরে এখানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে।
মাদক ব্যবসার প্রতিবাদে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার বাসিন্দারা গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ করে সদর থানার সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর আগে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এলাকাবাসীর অভিযোগ, একটি মহল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের কারণে এলাকার তরুণেরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
কর্মশালা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণাকেন্দ্রে গতকাল মঙ্গলবার ‘গবেষণা পর্যালোচনা ও গবেষণা কর্মসূচি প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আট জেলার ৩৫ জন বিজ্ঞানী অংশ নেন। মাদারীপুর কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনার ঈশ্বরদী ডাল গবেষণাকেন্দ্রের পরিচালক তপন কুমার দে। কর্মশালায় বিজ্ঞানীরা গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন এবং কীভাবে ডালের উৎপাদন বৃদ্ধি ও ডাল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ করা যায় তা নিয়ে আলোচনা করেন।
জরিমানা
ফরিদপুরের সালথা উপজেলায় ইউনিলিভার কোম্পানির বিভিন্ন পণ্য প্রতিটি বস্তায় নির্ধারিত প্যাকেটের চেয়ে কম দিয়ে বাজারজাত করার দায়ে মো. রুবেল মোল্লা নামের এক সরবরাহকারীকে ১৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই বাজারের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন থেকে রুবেল প্রতি বস্থায় কোম্পানির নির্ধারিত প্যাকেটের চেয়ে কম পণ্য বাজারজাত করে আসছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাজারে এসে রুবেলকে আটক করে জরিমানা করেন।
মানববন্ধন
বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় মানববন্ধন করেছে। জেলায় কর্মরত কয়েক শ ডিপ্লোমা প্রকৌশলী ও নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নেন। মানববন্ধনে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন-ভাতা বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ দুই দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
নরসিংদী প্রতিনিধি
দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চাম্পারায় চা-বাগান থেকে গত সোমবার বিকেলে বুধুয়া মুন্ডা (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চাম্পারায় চা-বাগানের শ্রমিক মৃত মানসিৎ মুন্ডার ছেলে। সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। অপরদিকে সোমবার রাত আটটায় কমলগঞ্জের উত্তর আলেপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে শামিম মিয়া বিষ পান করলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
জরিমানা
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল মঙ্গলবার ১০ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন গোলাম মোস্তফা (৪৫), সিদ্দিক মিয়া (৪২), নুর কালাম (৫০), কালাম হোসেন (২০), খোকন (২০), বিল্লাল হোসেন (২৪), শহীদ মিয়া (৪৭), আবদুল খালেক (৫২), আবু হানিফ (৪২) ও দুদু মিয়া (৩০)। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামে গতকাল মঙ্গলবার পুকুরের পানিতে পড়ে অনিক নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের রাজু মিয়ার ছেলে। শিশুটির পরিবার জানায়, গতকাল বেলা একটার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। ঘণ্টা খানেক পর শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।
জরিমানা
গাজীপুর শহরের জয়দেবপুর বাজারে গতকাল মঙ্গলবার সকালে ভেজালবিরোধী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ফরমালিন থাকায় মাছ ব্যবসায়ী মো. কাঞ্চন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি মাছ বিনষ্ট করা হয়। একই কারণে ফল ব্যবসায়ী মো. মিলন মিয়া, মো. ইব্রাহীম, ইউসুফ হোসেন, খোরশেদ হোসেন, ইয়াজউদ্দিন ও সুমন মিয়াকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। তাঁদের দোকান থেকে ফরমালিনযুক্ত ১২২ কেজি ফল বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী হাকিম বিজেন ব্যানার্জি।
কর্মশালা
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলে প্রতিবন্ধী জরিপ কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের নিয়ে গতকাল বেলা ১১টায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে একটি কর্মশালা (ওরিয়েন্টেশন) হয়। অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান বলেন, সরকারিভাবে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। তাই জরিপের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে সমাজের মূল স্রোতের সঙ্গে একাত্ম করতে হবে।