একনজরে
জেলার শীর্ষে
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজ জেলায় শীর্ষস্থান লাভ করেছে। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১তম ও গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় ১৯তম স্থানে রয়েছে। গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০১ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে। জিপিএ-৫ পায় ৭১ জন। গাইবান্ধা প্রতিনিধি
ছিনতাইকারীর কবলে
পরীক্ষার ফল জানতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী উচ্চবিদ্যালয়ের তিন এসএসসি পরীক্ষার্থী। তারা হলো রংপুরের বদরগঞ্জ উপজেলার বোর্ডের হাট গ্রামের কারিমুল (১৫), বালাডাঙ্গা গ্রামের রবিউল (১৬) ও পার্বতীপুরের ব্রহ্মোত্তর গ্রামের মজিবুল (১৫)। তারা পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এ বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় গত বুধবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মিরাকান্দা গ্রামের কালু মাতুব্বরের বসতঘরটি ভস্মীভূত হয়ে গেছে। এ সময় পাশের বাড়ির সালমা বেগম (৩৫) আহত হন। অন্যদিকে লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গরদী গ্রামের নিজাম শেখের গোয়ালঘরে বজ্রপাতে একটি গাভি মারা যায় এবং সকিনা বেগম (৪০) নামের এক গৃহিণী আহত হন। ফরিদপুর অফিস
লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত বুধবার রাতে আল আমিন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আল আমিন উপজেলার বড় মাছুয়া গ্রামের শাহ ইসলামের ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আল আমিন তাঁর বাবার সঙ্গে অভিমান করে কীটনাশক পান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি