একনজরে
প্রকল্প উদ্বোধন‘তামাকমুক্ত সিলেট’ নামে একটি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে সিলেটের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সীমান্তিক’। গতকাল শনিবার সিলেটের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক আহমদ আল কবির। বিশেষ অতিথি ছিলেন সাংসদ জৈবুনেছা হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সীমান্তিকের চেয়ারম্যান শফিকুল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিলেটদলিল হস্তান্ত্তরকিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভূমিহীনদের মধ্যে ভূমি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীনদের হাতে জমির দলিল তুলে দেন স্থানীয় সাংসদ নাজমুল হাসান। একই দিন কয়েকটি পরিবারের মধ্যে বিনা মূল্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও ভূমি অফিসের যৌথ ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম। নিজস্ব প্রতিবেদক, ভৈরববিচার দাবিমানবতা-বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে সেক্টর কমান্ডার্স ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা ও মুক্তিযুদ্ধ একাত্তর কিশোরগঞ্জে এবং সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর জেলা শাখা শেরপুরে গতকাল শনিবার পৃথক মানববন্ধন করেছে। কিশোরগঞ্জ শহরের মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতারা অংশ নেন। শেরপুরে মানববন্ধনে সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামানের নেতৃত্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ও শেরপুর প্রতিনিধি চিকিৎসদের সংবর্ধনাবাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে পঞ্চগড়ে যোগদান করা ৫৬ জন চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার পঞ্চগড় আধুনিক হাসপাতালের সম্মেলনকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফরিদা আখতার। জেলা বিএমএর সভাপতি নুরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, রাজশাহী বিভাগীয় বিএমএর সহসভাপতি মোস্তফা আলম, সিভিল সার্জন ইমারউদ্দিন, বগুড়া বিএমএর সভাপতি জাহাঙ্গীর আলম ও স্বাচিপের সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিমাদক ধ্বংসফেনীর জায়লস্করস্থ ১৯ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে গত শুক্রবার বিকেলে পাঁচ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ১০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক টাস্কফোর্স চট্টগ্রামের আহ্বায়ক মো. সিরাজুল হক খান, বিডিআর কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ, জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান ও অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমেদ আল মামুন। ফেনী অফিসহাসপাতালের উদ্বোধনলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত শুক্রবার ৪০ শয্যাবিশিষ্ট জনতা মা-শিশু ও জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামস রহমান হাসপাতালটির উদ্বোধন করেন। হাসপাতালের পরিচালক এ এইচ হানিফ জানান, চার কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালে প্রতিদিন ঢাকা থেকে এসে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ সব সেবা দেওয়া হবে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি