একনজরে
ডিজিটাল মেলা
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী। এতে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ। l রাজবাড়ী প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে গতিরোধক নির্মাণকাজ শেষ করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আধা ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। গত মঙ্গলবার ঘুড়কা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সওজ গতিরোধক নির্মাণ করছে। l রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামের একটি ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার আফিয়া খাতুন (২৪) নামের এক পোশাকশ্রমিকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আফিয়া উপজেলার উত্তর দিঘলদী গ্রামের দেলোয়ার হোসেন মল্লিকের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী জানান, আফিয়া চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। বেতনের টাকা তুলে ২৩ জুন বিকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর তাঁর সন্ধান পাওয়া যায়নি। l মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি