একনজরে
নতুন বিভাগকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষা বর্ষে তিনটি নতুন বিভাগ খোলা হয়েছে। এগুলো হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন ও পরিসংখ্যান। এ নিয়ে বিভাগের সংখ্যা দাঁড়াল ১৪। এর আগে এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, গণিত, বাংলা, অর্থনীতি, ইংরেজি, ব্যবস্থাপনা শিক্ষা, নৃ-বিজ্ঞান, মার্কেটিং ও লোকপ্রশাসন বিভাগ খোলা হয়েছিল। উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞানভিত্তিক বিষয় খোলা হচ্ছে।’ নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাসড়ক অবরোধপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের শহীদ মিনার ও সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে তাঁরা তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের ভজনপুর এলাকায় কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। ভজনপুর কলেজের শিক্ষার্থীরা জানান, একটি কবর কলেজের সীমানাপ্রচীরের ভেতরে রয়েছে—এমন অভিযোগে একদল পাথরশ্রমিক কলেজের সীমানাপ্রাচীর ও শহীদ মিনার ভাঙচুর করেন। শিক্ষার্থীরা ভাঙচুরের ক্ষতিপূরণসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পঞ্চগড় প্রতিনিধিউত্ত্যক্তের দায়ে জেলনারীদের উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. গিয়াস উদ্দিনকে (৪৭) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল। তিনি জানান, শহরের ব্যস্ততম বিপণিকেন্দ্র রাজ প্লাজায় ঈদের কেনাকাটার ভিড়ে কিশোরীদের নানাভাবে উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিব্যবসায়ীদের বিক্ষোভচাঁদাবাজিতে অতিষ্ঠ পাবনা শহরের পাথরতলা হোসিয়ারিশিল্প-পল্লির ব্যবসায়ীরা সোমবার প্রায় দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শহরের একদল সন্ত্রাসী প্রায়ই বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করে। সোমবার দুপুর দেড়টার দিকে সন্ত্রাসীরা ওই এলাকায় এসে আবদুল গফ্ফার নামের এক হোসিয়ারি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাঁকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন। পরে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনা অফিস