একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনজীবন বিপর্যস্ত

ফরিদপুরে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছে সর্বস্তরের মানুষ। গত শুক্রবার বেলা দুইটা থেকে গতকাল শনিবার বেলা দুইটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফরিদপুর আবহাওয়া আঞ্চলিক কার্যালয়। কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমিন বলেন, এটি এ মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। l ফরিদপুর অফিস

কমিটি গঠন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়েছে। ২৬ জুন জেলা স্বেচ্ছাসেবক দল এ কমিটি অনুমোদন করে। লোহাগড়া উপজেলা শাখায় ৭১ সদস্যের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মো. জিয়াউর রহমান ও মো. তানবীর মোল্লা। পৌর শাখায় ৫১ সদস্যের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে সাখাওয়াত হোসেন ও ইকলাছ মোল্লা। l লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন ৩০ বছর বয়সের এক ব্যক্তি। গতকাল শনিবার সকাল আটটার দিকে পার্বতীপুর রেল স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. সাজু মিয়া জানান, প্লাটফর্ম থেকে সকাল আটটা ৫ মিনিটে কাঞ্চন এক্সপ্রেস ঠাকুরগাঁও অভিমুখে ছেড়ে যায়। এ সময় ওই ব্যক্তি দৌড়ে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে গলা থেকে তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। l পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

কৃতী সংবর্ধনা

রাজশাহীর বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে উপজেলার শিকদারিতে সালেহা-ইমারত হিমাগার মিলনায়তনে ফাউন্ডেশনের পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। অতিথি ছিলেন ইউএনও সাদেকুল ইসলাম ও শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান। l বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফার্মেসি এবং আর্কিওলজি নামে তিনটি নতুন বিভাগ চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা হলো ১৭টি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গতকাল শনিবার এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৭ সালের ২৮ মে সাতটি বিভাগ নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে ১৪টি বিভাগে তিন হাজার ৫৩১ জন শিক্ষার্থী রয়েছেন। l নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

লভ্যাংশ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও ধরমপাশা উপজেলাধীন কমিউনিটি-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১১টি বিল ব্যবহারকারী সংগঠনের ৩০০ জন সদস্যদের মধ্যে ১৮ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমিউনিটি-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (সিবিআরএমপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। l ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

উদ্বোধন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকালে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করেন। l ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি