একনজরে
ভাইয়ের হাতে খুনসিলেটের বালাগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার মিয়া (৫০)। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) গাজী মিজান বলেন, আনোয়ার ও তাঁর সৎভাই সজন মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। সজনকে গ্রেপ্তার করা হয়েছে। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিগ্রেপ্তার ১কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে মানিক মিয়া (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুুব আলম বলেন, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঅস্ত্র উদ্ধারযশোরের বেনাপোল ও ঝিকরগাছা উপজেলার লাউজানি রেলক্রসিং এলাকায় র্যাব-৬ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে একটি পিস্তল, তিনটি রিভলবার, ১০টি গুলি ও ৯৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বুধবার সকালে এ অভিযান চালানো হয়। র্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক এবাদত হোসেন জানান, বেনাপোলের ভবেরবেড় থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। লাউজানি রেলক্রসিং এলাকায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় অস্ত্রগুলো। যশোর অফিসনতুন ঘর১৮ দিন আগেও মুক্তিযোদ্ধা মো. মোস্তফা (৬২) স্ত্রী ও আট সন্তান নিয়ে থাকতেন জীর্ণ কুটিরে। গ্রামের ছোট্ট চা-দোকানই ছিল আয়-রোজগারের একমাত্র অবলম্বন। নোয়াখালীর বেগমগঞ্জের মহেশপুর গ্রামের এই মুক্তিযোদ্ধার পাশে এসে দাঁড়ান একই উপজেলার বাসিন্দা ও সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ। গত ২৬ আগস্ট তিনি তাঁর বাড়িতে গিয়ে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। দুই সপ্তাহের মধ্যেই চৌচালা টিনের ঘর তৈরি হয়ে যায়। গত মঙ্গলবার বিকেলে ঘরটির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নোয়াখালী অফিসবৃক্ষরোপণ কর্মসূচিবাংলাদেশকে সবুজ অরণ্যে ভরিয়ে দিতে যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংসদ খান টিপু সুলতান এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে মনিরামপুর শিল্পীগোষ্ঠীকে দুই হাজার চারা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জি এম মজিদ, নওশের আলী, দেবাশীষ সরকার, আমেনা বেগম প্রমুখ। মনিরামপুর (যশোর) প্রতিনিধি