একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালামাল লুট

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের অদূরে দুবলাগাড়ি এলাকায় গতকাল রোববার ভোরে ডাকাতি সংঘটিত হয়েছে। ১০-১২ জনের একদল ডাকাত মহাসড়কে বাঁশ ও খড়ের স্তূপ ফেলে অবরোধ সৃষ্টি করে অস্ত্রের মুখে মাইক্রোবাসের চার যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পলাশবাড়ী উপজেলার রামপুর গ্রামে। পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। l গাইবান্ধা প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর তারিকুজ্জামান ওরফে তারা দুই হাজার ৭৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শওকত হোসেন দুই হাজার ৩২২ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল আলম ওরফে লিপন দুই হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। প্রায় ১১ বছর পর ওই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হলো। l কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখা তরুণ দলের সভাপতি ওয়ালি উল্লাহ আকন্দকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। l ময়মনসিংহ অফিস