একনজরে
নৌকাবাইচটাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে গতকাল মঙ্গলবার বিকেলে নৌকাবাইচ হয়েছে। ম্যাট্রিক্স সোয়েটারের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চারটি দলে ৫০টি নৌকা অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান। প্রতিটি দলের বিজয়ীদের মাঝে একটি করে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া দ্বিতীয় স্থানে থাকা চারটি দলকে চারটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিজেলহাজতে বিয়ের আসর থেকে গত সোমবার কাজী আল আমিন (২৪) নামের এক বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তাতালচর বড় ঘাগটিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণার অভিযোগে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে। আল আমিনকে সোমবার বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জশহরবাসীর স্বস্তিঅবশেষে মাইকিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে লক্ষ্মীপুরের রায়পুর শহরবাসী। গত সোমবার পুলিশ ক্লিনিক, প্যাথলজি ও মাইকের দোকানগুলোতে গিয়ে মাইকিং বন্ধ রাখার নির্দেশ দেয়। শহরের ক্লিনিক ও প্যাথলজিগুলোতে বিভিন্ন স্থান থেকে আসা চিকিৎসকদের বিষয়ে ক্লিনিক ও প্যাথলজির মালিকেরা প্রতিদিন বিভিন্ন স্থানে মাইকিং করতেন। মাইকের উচ্চশব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। এ নিয়ে ৩ অক্টোবর প্রথম আলোয় ‘মাইকিং যন্ত্রণায় অতিষ্ঠ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিনেতা বহিষ্কারস্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নীলফামারী জেলা সিপিবির এক সভায় তারিণী মোহন অধিকারীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকালে দলীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। তারিণী মোহনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তাঁর স্ত্রী বেবি ঘোষ। এ নিয়ে ৫ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নীলফামারী প্রতিনিধি