একনজরে
সংবর্ধনা
জয়পুরহাটের আক্কেলপুরে চীনের চারজন চিত্রশিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন হোয়াং উইং হোয়াং, লিং লিয়াং, লিং ডেংজিং ও ওয়াং কুইং। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে উপজেলা নাগরিক কমিটি সংবর্ধনার আয়োজন করে। কমিটির সভাপতি সাইদুর রহমান কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন, মাহফুজা সুলতানা। এর আগে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে পৌর সদরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই চার চীনা চিত্রশিল্পী প্রতিযোগিতা ঘুরে দেখেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
শিশু তিরবিদ্ধ
বগুড়ার ধুনটে পৈতৃক সম্পত্তি দখল নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষের সময় তিরবিদ্ধ হয়ে জান্নাতি খাতুন (৩) নামের এক পথচারী শিশু আহত হয়েছে। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের আবদুর রশিদের মেয়ে। উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর মৃত্যুর পর তাঁর দুই ছেলে গিয়াস উদ্দিন ও রানা বাবুর মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার বিকেলে নিজেদের বাড়িতে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তাঁরা পাল্টাপাল্টিভাবে তির নিক্ষেপ করছিলেন। এ সময় জান্নাতির দুই হাতে তিরবিদ্ধ হয়। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি
কিশোরের মৃত্যু
বিদ্যুৎ-চালিত মেশিনে ভুট্টার ফ্যানিং কাজ শেষ করে সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট ও বিস্ফোরণে সুজন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার বাবুলের হাস্কিং মিলে। সুজন পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর দিঘিরপাড় মহল্লার উমের আলীর ছেলে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
দেবর-ভাবির মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাবি ও দেবরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে বাগডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের জসিম উদ্দিন (৩২) ও তাঁর ভাবি মধুমালা (২৮)। মঙ্গলবার রাত ১২টার দিকে জসিম উদ্দিন তাঁর ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মধুমালা তাঁকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জানতে পেরে পরিবারের অন্য সদস্যরা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। কুষ্টিয়া অফিস
চেক ও সনদ বিতরণ
বরগুনার আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেন্যান্স’ প্রকল্পের নারী কর্মীদের মধ্যে সঞ্চিত টাকার চেক ও সনদ বিতরণ করা হয়েছে। সঞ্চিত টাকা পেয়ে কড়ইবাড়িয়া গ্রামের নারী কর্মী রিনা বেগম জানান, এই টাকা তাঁর শ্রম ও ঘাম দিয়ে আয় করা। টাকা আরও কীভাবে বাড়ানো যায়, সে চেষ্টাই তিনি করবেন। বেহালা গ্রামের কমলা রানী বলেন, ‘এই টাকা দিয়ে হাঁস-মুরগি ও গরু-ছাগল কিনে লালন পালন করব।’ আমতলী (বরগুনা) প্রতিনিধি
ইলিশ জব্দ
ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা ৭৯০ কেজি ইলিশ ও এক হাজার ৪০৪টি থ্রি-পিস উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা এলাকা থেকে সাতক্ষীরা ৩৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব মাল উদ্ধার করেন। এ ছাড়া ভোমরা সীমান্ত থেকে দুই হাজার ৩৫ কেজি সুপারি উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। জব্দ মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
তিরখেলা বন্ধের দাবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংসহ আশপাশের এলাকার হাটবাজারে প্রতিদিন প্রকাশ্যে চলছে ভারতীয় তিরখেলা। এ খেলা (জুয়া) বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় মিতালী সবুজ সংঘ। স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিতালী সবুজ সংঘের সভাপতি মো. ফরহাদ আলী, সহসভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
কারেন্ট জাল ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনি ও মাটিয়ান হাওর থেকে গতকাল বৃহস্পতিবার দুটি অবৈধ মশারি জাল ও ১০ কেজি কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ ইয়ামিন খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে জব্দ করা এসব জাল উপজেলা পরিষদের সামনের মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
শিবির নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনোয়ার হোসেন ও কর্মী রাকিব আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নান্দাইল পৌর এলাকার ডাকবাংলোর সামনে থেকে বেশ কিছু পোস্টারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, মনোয়ার ও রাকিব সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছিলেন। তাঁদের গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি