একনজরে
আনোয়ারায় ডাকাতিচট্টগ্রামের আনোয়ারায় গত সোমবার রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণসহ সাড়ে আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন তিনজন। রাত আনুমানিক দেড়টায় ২০-২৫ জন ডাকাত মোহাম্মদ আলী, মো. ইদ্রিস ও মো. জমিরের ঘরে প্রবেশ করে ডাকাতি করে। ডাকাতদের প্রহারে আহত ব্যক্তিরা হলেন আজিম (৩০), মোহাম্মদ আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও মো. ইদ্রিস (৬০)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিস্বামী-স্ত্রীর মৃত্যুপাবনার সুজানগর উপজেলার খলিলপুর ইউনিয়নের চরখলিলপুর গ্রামে সোমবার দিবাগত রাতে সাপের ছোবলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী আসমা খাতুন (৩৫)। এলাকাবাসী জানান, ওই দম্পতি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দুটার দিকে একটি সাপ তাঁদের দংশন করে। এ সময় তাঁরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। পাবনা অফিসবাস চলাচল শুরুবাস মালিক-শ্রমিক, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি মালিকদের সমঝোতা হওয়ায় চার দিন পর গতকাল মঙ্গলবার রায়গঞ্জ-সিরাজগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়েছে। অবৈধভাবে এ রুটে সিএনজিচালিত অটোরিকশা, ভটভটি এবং বিভিন্ন জায়গায় চাঁদা আদায়কে কেন্দ্র করে গত শুক্রবার থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। দফায় দফায় বৈঠকের পর সমঝোতার ভিত্তিতে বাস চলাচল শুরু হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিশিক্ষা উপকরণগাজীপুর জেলার সদর উপজেলার দরগারচালা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর মাঝে গত সোমবার বিনা মূল্যে একটি করে ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওকাব সোসাইটি। বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সোসাইটির কর্মকর্তারা এসব উপকরণ বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ওকাবের নির্বাহী পরিচালক মো. আশরাফ হোসাইন, পরিচালক তানজিমা লিপি, দরগারচালা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা পারভীন প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি