একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময়
মাছ চাষের জন্য পানি ওঠানোর যন্ত্রে বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় এবং পুকুরের জমিতে উচ্চ হারে খাজনা আদায় করায় নাটোরের ১৮ হাজার মৎস্যচাষি মাছ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে গত শনিবার নাটোর মৎস্য অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আশঙ্কার কথা উঠে এসেছে। জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।  নাটোর প্রতিনিধি

পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল রোববার মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে ব্যাটালিয়নের সদর দপ্তরের ঘাটে জেলা প্রশাসক সরদার সরাফত আলী এই মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম, পুলিশ সুপার বসির আহম্মেদ ও জেলা মৎস্য কর্মকর্তা একরামুল ইসলাম উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

মানববন্ধন
দি ম্যাক্সিম নামের একটি প্রতিষ্ঠানে টাকা লগ্নি করে প্রতারিত ব্যক্তিরা টাকা ফেরত পাওয়ার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মসূচি চলাকালে আবদুল হালিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন জাফর মিয়া, মঞ্জুরুল আলম, মেহেদী হাসান, আ. হালিম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, মাসে এক লাখ টাকার বিপরীতে দুই হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ম্যাক্সিম মধুখালী শাখা প্রায় ৬০০ গ্রাহকের কাছ থেকে প্রায় আট কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু গত জানুয়ারি মাসে ওই কার্যালয়ের কর্মকর্তারা পালিয়ে গেছেন। ফলে গ্রাহকেরা মূলধন ও লভাংশ দুই-ই হারাতে বসেছেন।  ফরিদপুর অফিস

দুজনকে ফেরত
ভারতের অভিবাসন পুলিশ গতকাল রোববার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে। তাঁরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার আবদুল মতলিবের ছেলে আবদুল মুকিত (৩০) ও গোলাম মাওলার ছেলে মো. শাহিন (১৮)।  গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সংবর্ধনা
ছাত্র ইউনিয়নের উদ্যোগে গতকাল রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ্র অধিকারী। অনুষ্ঠানে তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক এ এম ইয়াহিয়া মুজাহিদ অতিথি আলোচক ছিলেন।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি