একনজরে
বিষ ঢেলে মাছ শিকারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের খাম্বারঘাট এলাকায় মনু নদের পানিতে গত রোববার গভীর রাতে বিষ ঢেলে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। ভোর হওয়ার আগেই ছোট-বড় বিভিন্ন মাছ মরে ভেসে ওঠে। এ সুযোগে দুর্বৃত্তরা মাছ ধরে ভোরেই পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আলী বলেন, ভোরেই দুর্বৃত্তরা প্রচুর মাছ নিয়ে যায়। তিনি আরও জানান, গত ৮ নভেম্বর রাতেও এভাবে দুর্বৃত্তরা মনু নদে বিষ ঢেলে মাছ শিকার করে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিদেয়াল থেকে পড়ে মৃত্যুচুরি করার উদ্দেশ্যে দেয়াল বেয়ে বাড়ির তৃতীয় তলায় ওঠার সময় পড়ে গিয়ে স্মরণ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রেববার গভীর রাতে কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার ঊষা রানীর বাড়িতে চুরি করতে গেলে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিমুক্ত দিবস পালনআখাউড়া মুক্ত দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে নকশিকাঁথা সাহিত্যকুঞ্জ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পৃথকভাবে সকালে শহরে শোভাযাত্রা বের করে। শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মিনারে আলোচনা সভা হয়। বিকেলে পড়শি ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বিচার দাবিমৌলভীবাজারের শ্রীমঙ্গল হানাদারমুক্ত হয়েছিল ৬ ডিসেম্বর। শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা শাখা শোভাযাত্রা এবং সন্ধ্যায় পৌর এলাকার চৌমোহনায় সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রা পৌর এলাকার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার-পরিজন অংশ নেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি