একনজরে
মানববন্ধন-শোভাযাত্রা
খাদ্যে ভেজাল প্রতিরোধে গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুরে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরডিআরএসের সহযোগিতায় জেলা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দিনাজপুর চেম্বার ভবনের সামনে কার্যালয়ে এসে শেষ হয়। চেম্বার ভবনের সামনে রাস্তায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিনাজপুর অফিস
নবীনবরণ
বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউএনও মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
নতুন চেয়ারম্যান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নূর মোহামঞ্চদ রাজা আট হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি-সমর্থিত সুলতানা রাজিয়া পেয়েছেন আট হাজার ৪৬০ ভোট। নির্বাচনে ২৫ হাজার ১২১ জন ভোটারের মধ্যে ২০ হাজার ৭০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১৯ এপ্রিল চেয়ারম্যান আবদুর রশিদ সরকার মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
উপনির্বাচন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সাত্তার গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তিনি উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। গত ১৮ মে সন্ত্রাসীদের গুলিতে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান নিহত হলে আসনটি শূন্য হয়। আবদুস সাত্তার জানান, ১৩ জুলাই মনোনয়নপত্র দাখিল ও ১৪ জুলাই মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ জুলাই এবং ১৯ জুলাই প্রতীক দেওয়া হবে।
বাগেরহাট প্রতিনিধি
পদক লাভ
ফরিদপুরে নিহত সাংবাদিক গৌতম দাস সদ্য প্রবর্তিত শামসুদ্দীন মোল্লা স্মৃতি পদকে (মরণোত্তর) ভূষিত হয়েছেন। আজ বুধবার শামসুদ্দীন মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ পদক দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শামসুদ্দীন মোল্লা সঞ্চৃতি সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বলেন, গৌতম দাসের বিধবা স্ত্রী দীপালি দাসের হাতে এ পদক তুলে দেওয়া হবে। পদকের সঙ্গে রয়েছে সম্মাননা ক্রেস্ট ও নগদ ২৫ হাজার টাকা। ২০০৫ সালে সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো কার্যালয়ে ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক গৌতম দাসকে সন্ত্রাসীরা শ্বাসরোধে হত্যা করে।
ফরিদপুর অফিস
মামলা দায়ের
চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ফটকের দুই পাশে সীমানাপ্রাচীর ও সরকারি রাস্তা ঘেঁষে স্থাপনা তৈরি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্মাণকে অবৈধ, অন্যায়, বেআইনি ও জনস্বার্থবিরোধী দাবি করে আদালতে মামলা হয়েছে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ছানাউল্লাহ গত সোমবার শুনানি শেষে বিবাদীদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
পুরস্কার
কুমিল্লা জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন আলোকচিত্রী এন কে রিপন। তিনি সমকাল ও কুমিল্লার স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার আলোকচিত্রী। তাঁর হাতে আট হাজার টাকার প্রাইজবন্ড ও সনদ তুলে দেওয়া হয়। তৃতীয় স্থান অধিকার করেছেন ফ্রিল্যান্স আলোকচিত্রী জাভেদ হোসেন। তিনি দুই হাজার টাকার প্রাইজবন্ড ও সনদ পান। জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা