একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপের কামড়ে মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে ফরহাদ আলী (৩২) গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাছ ধরতে যান। সেখানে তাঁকে সাপে কামড় দেয়। বিষয়টি তিনি বাড়িতে কাউকে জানাননি। রাতে অসুস্থ হয়ে পড়লে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

একজন গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে রেজাউল করিম (৫০) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাকোয়া গ্রামের বাসিন্দা। দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ এনে নাসিমা বেগম তাঁর স্বামী রেজাউলের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন। রাতেই রেজাউলকে শিকদারীর ব্যাংক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। রেজাউল তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বিদ্যালয় উদ্বোধন
সুবিধাবঞ্চিত এবং চর ও বাঁধে বসবাসরত পরিবারের শিশুদের জন্য গতকাল শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার মধ্যপাড়া বাঁধ এলাকায় কাঁকন বিবি নামের একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। সকালে বিদ্যালয়ের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাসান আবিদ, এলাকা সমন্বয়কারী আলমগীর কবির। ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে রংপুরের কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চর ও বাঁধ এলাকায় আরও আটটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রংপুর

নৌকা ডুবে...
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে কিতাব উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ৩০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি প্রবল স্রোতের তোড়ে মাঝনদীতে উল্টে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ভাগজোত গ্রামের কৃষক কিতাব উদ্দিন নিখোঁজ হন। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
কুষ্টিয়া অফিস

উত্ত্যক্ত করায়...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে কলেজছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবুল খায়ের। দণ্ডাদেশ পাওয়া আরিফ হোসেন (২০) গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের এবাদত মোল্লার ছেলে। তিনি আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। ইউএনও জানান, আরিফ দীর্ঘদিন ধরে স্থানীয় এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার গৃহবধূর বাবা এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ছাত্রকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুর অফিস

প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আজহারুল ইসলাম। এ ছাড়া জেলা সংগঠনের নেতাদের মধ্যে আবুল কালাম, সৌমেন দাশ, বাবন চক্রবর্তী, আবদুস সামাদ মিয়া, মুজিব আলম প্রশিক্ষণ দেন। এতে জেলার পাঁচটি উপজেলার ৩৭ জন নেতা-কর্মী অংশ নেন।
রাজবাড়ী প্রতিনিধি

আহত ৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বাউধরন গ্রামে এ ঘটনা ঘটে। আহত চারজন হলেন বাউধরন গ্রামের রফিক মিয়া (৫০), তাঁর ছেলে সফিকুর রহমান (১৭), মাহমুদুর রহমান (২২) ও তাঁর ভাই কানু মিয়া (৪০)। তাঁদের মধ্যে কানু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিক মিয়া অভিযোগ করেছেন, গতকাল দুপুর ১২টার দিকে বাউধরন গ্রামের লাল মিয়ার সমর্থকেরা তাঁদের একটি গাছের চারা ভেঙে ফেলেন। বিষয়টি জানতে গেলে তাঁর সঙ্গে লাল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাল মিয়ার লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি, তাঁর দুই ছেলে ও ছোট ভাই আহত হয়েছেন। এ বিষয়ে লাল মিয়া ও তাঁর সমর্থকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান বলেন, ‘হামলার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের কালীতলা বাজারের পূর্ব পাশে একটি গাছে ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেছ আলী জানান, অজ্ঞাতনামা ওই পুরুষের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা ওই ব্যক্তির গলায় গামছা পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, এ ঘটনায় মামলা করা হবে।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

শ্রমিকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল হক (১৯) নামের একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজিজুল নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেওলার চর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ আজিজুলের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি