একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাল টাকাসহ রাজু বালা (১৬) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই দিন রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাহুথর বাজারের একটি দোকানে মিষ্টি খেয়ে রাজু এক হাজার টাকার নোট দেয়। টাকাটি জাল বলে সন্দেহ হলে দোকানি রাজুকে চ্যালেঞ্জ করেন। পরে অন্য দোকানদারেরা এসে তার দেহ তল্লাশি করে আরও তিনটি এক হাজার টাকার নোট পান। পরে রাজুকে তাঁরা পুলিশে সোপর্দ করেন।  গোপালগঞ্জ প্রতিনিধি

লাশ উদ্ধার
যশোর সদর উপজেলায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে আনছারবাড়ি রেলস্টেশন ও ক্যান্টনমেন্ট সরণি রেলগেট এলাকা থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। তাঁদের একজনের নাম প্রকাশ চন্দ্র দত্ত। তিনি জেলা শহরের বেজাপাড়া এলাকার রণজিৎ দত্তের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।  যশোর অফিস

কৃষক নিহত
নছিমন থেকে ছিটকে পড়ে আহত বাদল মণ্ডল (৫০) নামের এক কৃষক গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন। গত শনিবার বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার পুনিয়া গ্রামে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে একটি নছিমন ব্রেক করলে যানটির যাত্রী বাদল ছিটকে পড়ে আহত হন।  গোপালগঞ্জ প্রতিনিধি

শিশুর মৃত্যু
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিপাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে এনাম হোসেন (২) নামের এক শিশু মারা গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রহিদুল ইসলামের ছেলে। বেলা দুইটা থেকে এনামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বেলা তিনটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নীলফামারী প্রতিনিধি

টিন বিতরণ
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ২৩টি দুস্থ পরিবারের মধ্যে ৪০৩টি ঢেউটিন ও ৬৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে টাকা ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মেয়ে নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলার তেরমাইল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দোমাসু চন্দ্রের স্ত্রী সুশিলা রানী আহত ও তাঁর মেয়ে শিল্পী রানী (২২) নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিলা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেকারকান্দা গ্রামের ইসহাক উদ্দীনের স্ত্রী। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে জমিলা খাতুন বাড়ির উঠানে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় জমিলা খাতুনকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামী ইসহাক উদ্দীন ও মেয়ে ইয়াসমীন বেগম (২০) গুরুতর আহত হন।  ময়মনসিংহ অফিস

আসামি গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মিনহাজ হত্যা মামলার প্রধান আসামি আলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বগুড়ার শেরপুর উপজেলার চকপাতা গ্রামের একটি ধানের চাতাল থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিনহাজ উদ্দিন গত ১ মে রাতে বাড়ির পাশের একটি খেতে পানি দেওয়ার উদ্দেশ্যে বের হন। পরে গত ৩ মে একই গ্রামের একটি ডোবা থেকে মিনহাজের লাশ উদ্ধার করা হয়। ৪ মে মিনহাজের ছোট ভাই আলামিন বাদী হয়ে আলাল উদ্দিনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বিদ্যুৎকেন্দ্রে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশ এনার্জি পাওয়ার প্লান্টে গতকাল সোমবার আগুন লেগে বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের সাবস্টেশনের তেল মজুতের স্থানে গ্রিডের অতিরিক্ত লোড পড়ায় আগুন লাগে বলে জানিয়েছেন ঢাকার ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার শওকত জোতদার। তিনি বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট উৎপাদন-ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত দেশ এনার্জি পাওয়ার প্লান্টে আকসিঞ্চক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি

চাঁদা না পেয়ে...
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় সরদার ডেভেলপমেন্টস নামের একটি আবাসন প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক আবদুর রহিমকে পেটানো হয়েছে। রহিমের অভিযোগ, জমি কেনাবেচায় মধ্যস্থতাকারী জরিপ মিয়া ও তাঁর সহযোগীরা কয়েক দিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গতকাল সোমবার দুপুরে জরিপের নেতৃত্বে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে এলাকাবাসী এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রহিম।  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি