একনজরে
সীমান্তে গ্রেপ্তার
অবৈধভাবে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসার সময় তিন হাজার ভারতীয় রুপিসহ তিন বাংলাদেশি নাগরিককে গত মঙ্গলবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। তাঁরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার কুমার পাড়া গ্রামের লক্ষ্মীকান্ত, ডোমার উপজেলার বামুনিয়া গ্রামের মানিক অধিকারী ও জামুনিয়া গ্রামের অশ্বীকুমার। এ ঘটনায় বোদা থানায় মামলা হয়েছে। ওই তিন ব্যক্তি বিনা পাসপোর্ট ও ভিসায় দুই মাস আগে ভারতের জলপাইগুড়ি আত্মীয়ের বাড়িতে যান। পঞ্চগড় প্রতিনিধি
সুপার বরখাস্ত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা দারুশ শরীয়ত দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জাল সনদ দিয়ে চাকরি, অর্থ আত্মসাৎ ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে গত মঙ্গলবার মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি তাঁকে বরখাস্ত করে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির মৃধা তাঁকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন। নুরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন। পিরোজপুর প্রতিনিধি
২৫০০ করার দাবি
মৌলভীবাজারে পাটের দাম মণপ্রতি ন্যূনতম আড়াই হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা শাখা গতকাল বুধবার এ স্মারকলিপি দেয়। তাদের দাবির মধ্যে আরও রয়েছে সার-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, জেলা সদরের কোদালী ছড়ার সম্পূর্ণ খনন, লাঘাটা নদী খনন, নদ-নদী খনন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বনাঞ্চল, পাহাড় ও টিলা কাটা বন্ধ করা। মৌলভীবাজার প্রতিনিধি
মোড়ক উন্মোচন
প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার প্রকাশনায় ছোটগল্প ও প্রবন্ধ সংকলনবিষয়ক রিফিউজি বইয়ের মোড়ক গতকাল বুধবার সন্ধ্যায় উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামল কুমার সরকার। জেলা শহরের স্যাক কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা। মানিকগঞ্জ প্রতিনিধি