একনজরে
মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খোলা রেখে ক্লাস-পরীক্ষা চালু রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং কলা অনুষদের মাঝখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাঁরা জিম্মি হয়ে আছেন। বেশি বেশি ক্লাস-পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেশনজট কমানোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিতরণ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অ্যাসেডের উদ্যোগে ১৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকমল হোসেন। রাজবাড়ী প্রতিনিধি
উল্টো রথযাত্রা
পটুয়াখালীতে গতকাল বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় শহরের পুরান বাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আখড়াবাড়ি মন্দিরের পুরোহিত শরত চন্দ্র চক্রবর্তী। এতে ঢোলবাদ্যসহকারে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ অংশ নেন। পটুয়াখালী অফিস
মানববন্ধন
নীলফামারী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, কলেজে চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু থাকলেও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী থাকার পরও রাষ্ট্রবিজ্ঞানে চালু করা হচ্ছে না। বক্তারা অবিলম্বে কোর্সটি চালুর দাবি জানান। নীলফামারী প্রতিনিধি
নিলামের প্রতিবাদ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নিলামের পাঁয়তারার প্রতিবাদে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও মানববন্ধন করেছে। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা চত্বরে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলে। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হজরত আলী মাস্টার, সাধারণ সম্পাদক ফারুখ সরকার, ব্যবসায়ী মো. ইয়াহিয়া মোল্লা প্রমুখ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
উদ্বোধন
রংপুরের পীরগাছায় ভরা বর্ষা মৌসুমে অনাবৃষ্টির কারণে খাল-বিল, পুকুর-ডোবায় পানি না থাকায় পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এ অবস্থায় রিবন রেটিং পদ্ধতির মাধ্যমে পাট থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে তা পচানোর কৌশলে সহযোগিতা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পীরগাছা সদরের অনন্তরাম ব্লকের কৃষক আবুল হোসেনের বাড়িতে ১২ শতাংশ জমির তোষা পাটের আঁশ এই পদ্ধতির মাধ্যমে ছাড়িয়ে এর উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রথম সমাবর্তন
সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফয়জুলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাবর্তনে অংশ নেওয়ার জন্য স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীরা ২১ জুলাই থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। www.sau.ac.bd ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে। বিস্তারিত জানতে ০১৫৫২৪২৫১০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। সিলেট প্রতিনিধি
বহালের দাবি
চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বহাল রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে মানববন্ধন হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌরসভার মেয়র ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. ওসমান গণি, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুখ বক্তব্য দেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কমিটি বিলুপ্ত
কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে নরসিংদীতে ছাত্রলীগের দুটি শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক শামীন নেওয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে অংশ না নেওয়ায় এবং মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় নরসিংদী সরকারি কলেজ শাখা ও শহর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি
ব্যবসায়ীকে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদ থেকে আনোয়ারুল আলম (৪২) নামের এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িয়াছনি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আনোয়ারুল আলম বাড়িয়াছনি এলাকার প্রয়াত হাবিবুল আলমের ছেলে। দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদে ফেলে দেয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ প্রতিনিধি
পুকুরে শিশুর লাশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। শিশুটির নাম সাজ্জাদ হোসেন (২)। সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মো. সোহেল রানার একমাত্র সন্তান। সোহেল রানা ও তাঁর স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত বুধবার সকালে কাজে যাওয়ার সময় ছেলেকে ঘরে রেখে যান। গতকাল সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে সাজ্জাদের লাশ পাওয়া যায়। গাজীপুর প্রতিনিধি
রিকশাচালক নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি বাসের চাপায় করিম মিয়া (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। করিমের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর গ্রামে। তিনি সিরাজদিখানে ভাড়াবাড়িতে থেকে রিকশা চালাতেন। সিরাজদিখান থানার এসআই মো. মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পরই চালক বাস নিয়ে পালিয়ে যান। বাসটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি