একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকান বন্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার ধানগড়া নতুন চৌরাস্তায় অভিযান শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে ধানগড়া বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান। এ সময় আদালত একটি কনফেকশনারি ও একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা আদায় করেন।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সংবর্ধনা
নাটোরের লালপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০১ জন শিক্ষার্থীকে গতকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে লালপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক লাইব্রেরির সভাপতি জালাল উদ্দিন। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হক প্রমুখ।  লালপুর (নাটোর) প্রতিনিধি

সংঘর্ষ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত এবং পাঁচটি ঘর, দুটি মোটরসাইকেল ও আসবাব ভাঙচুর হয়। আহত ব্যক্তিদের মধ্যে আবেদ আলীসহ (৪০) তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীসহ চারজনকে আটক করেছে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

টিকি কর্তন
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের সাধু নবকৃষ্ণ দাসের মাথার টিকি কেটে দিয়েছে বখাটেরা। নবকৃষ্ণ দাস জানান, প্রতিদিনের মতো গত সোমবার বিকেলে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে বড়দিয়া মঠে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা গ্রামে পৌঁছালে চান মিয়া, ফারুক শেখ, আশরাফ শেখসহ আরও তিন-চারজন তাঁকে ধরে জোর করে কাঁচি দিয়ে তাঁর মাথার পেছনের চুলের টিকিটি কেটে দেয়। কিছুদিন আগে তাদের (বখাটেদের) গরু নবকৃষ্ণের জমির ফসল খেয়ে ফেলে। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।  নড়াইল প্রতিনিধি

শিশু নিখোঁজ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চিলমারী ইউনিয়নের খারিজার থাক এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে পড়ে দুটি শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুরা হলো খরিজার থাক গ্রামের বকুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৭) ও বকুল ব্যাপারীর ছেলে আলামীন (৬)। চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বাড়ির কাছে নদীরে তীরে খেলার সময় রবিউল ও আলামীন পানিতে পড়ে যায়। স্রোত থাকায় তারা কয়েক মিনিটের মধ্যে হারিয়ে যায়।  কুষ্টিয়া অফিস

অস্ত্র উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের দেবেন্দ্রনাথ সরকারের বাড়ি থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম জানান, রাতে দেবেন্দ্রনাথের বাড়িতে চোর ঢোকে। বিষয়টি বুঝতে পেরে তাঁরা চোর চোর বলে চিৎকার করেন। এতে প্রতিবেশীরা এগিয়ে এলে চোরেরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তাঁর বাড়ির পাশে গুলিসহ একটি শাটারগান ফেলে রেখে যায়।  রাজবাড়ী প্রতিনিধি