একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূকে হত্যা
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় সাজেদা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যার পর কোনো একসময় এ ঘটনা ঘটে। সাজেদা মিরপুর উপজেলার চৌদুয়া গ্রামের দাউদ হোসেনের মেয়ে। দাউদ হোসেন বলেন, শনিবার সন্ধ্যার দিকে সাজেদার স্বামী সাজ্জাদ মুঠোফোনে জানান, বাড়ির বাইরে তালা মারা। সাজেদাকে পাওয়া যাচ্ছে না। গতকাল সকাল ১০টার দিকে সাজেদার মা রাবেয়া খাতুন গিয়ে দরজার তালা ভেঙে ঘরের ভেতরে দুই জানালার সঙ্গে বাঁধা অবস্থায় মেয়ের লাশ দেখতে পান। সাজ্জাদ পলাতক রয়েছেন। কুষ্টিয়া অফিস

ছাত্রের লাশ উদ্ধার
রূপসা নদীর শিপইয়ার্ড এলাকা থেকে গতকাল রোববার সকালে নগরের সেন্ট জোসেফ স্কুলের ছাত্র মেসকত হোসেনের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রূপসা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। মেসকত নগরের চানমারি এলাকার মো. বাদশাহর ছেলে।  খুলনা অফিস

শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে ভিমরুলের কামড়ে সোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহান বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। ওই স্থানে থাকা একটি চাকে ঢিল ছুড়লে শত শত ভিমরুল তাদের তাড়া করে। অন্যরা দৌড়ে পালালেও সোহান ভিমরুলের আক্রমণের শিকার হয়। বেলা তিনটার দিকে সে মারা যায়।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

লাশ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার একটি নর্দমা থেকে শনিবার সকালে সমশের আলী (২৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি নগরের সুজানগর এলাকায়। অটোরিকশা ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার এসআই করিম তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা যায়নি।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মদসহ গ্রেপ্তার ২
ঢাকার সাভারের বিরুলিয়ার মৈচতাপাড়া গ্রামের আয়নাল মাতব্বরের বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জামসহ প্রায় ৬০ লিটার মদ জব্দ করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতের ওই অভিযানের সময় ফজর আলী ও আবু সাঈদ নামের দুজনকে আটক করা হয়। এদিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আশুলিয়ার জামগড়ার হোটেল হলিডে হিল থেকে গতকাল রোববার ২৭ জন খদ্দের ও ১৩ জন যৌনকর্মীকে আটক করে ডিবি পুলিশ। দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবির পরিদর্শক শাহীন শাহ পারভেজ।  নিজস্ব প্রতিবেদক, সাভার

এসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমানকে গুলি করার হুমকি দেওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। হুমকির ঘটনায় এর আগে পুলিশের উচ্চপর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  নারায়ণগঞ্জ প্রতিনিধি