একনজরে
অপহূত শিশুকে উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে তিন দিন আগে অপহূত এক শিশুকে গত বুধবার দিবাগত রাতে ঢাকার খিলগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির ভগ্নিপতি সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে গত সোমবার আলী আকবর (৩) নামের ওই শিশুকে অপহরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি
হিমাগারকে জরিমানা
অবৈধভাবে ব্রহ্মপুত্র নদের তীর দখল করে প্রাচীর নির্মাণের দায়ে মুন্সিগঞ্জের নূর হিমাগার লিমিটেড কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন এই জরিমানা করে নদ থেকে সীমানাপ্রাচীর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি
গুদামে আগুন
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৪টি ঝুটের গুদাম পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোনাবাড়ীর নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে বিপুল পরিমাণ ঝুট-মালামাল পুড়ে যায়। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। গাজীপুর প্রতিনিধি
নদীতে শিশুর লাশ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় ধলেশ্বরী নদী থেকে গতকাল বৃহস্পতিবার স্বর্ণা আক্তার (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বর্ণা ওই উপজেলার কুশন্ডা গ্রামের সোনা মিয়ার মেয়ে। পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, গত বুধবার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে অন্য শিশুদের সঙ্গে পাশের ধলেশ্বরী নদীর তীরে খেলতে যায়। এরপরই শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও আর তাকে পায়নি পরিবার। মানিকগঞ্জ প্রতিনিধি
সমাবেশ
ফরিদপুরে নবগঠিত মধুখালী পৌরসভার সচিব আবদুল আলীম মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে মধুখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সচেতন পৌরবাসী’র এক সমাবেশে এসব অভিযোগ তোলা হয়। মধুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহবুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আলী আহম্মদ, আলম শেখ, হাওয়া বেগম, কনক হাসান, মতিয়ার রহমান প্রমুখ। বক্তরা সচিবের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, ঠিকাদারি লাইসেন্স প্রদানে অতিরিক্ত ফি নেওয়া, ব্যবসায়ীদের দুই বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগ করেন। এ বিষয়ে আবদুল আলীমের বক্তব্য পাওয়া যায়নি। ফরিদপুর অফিস
হামলার নিন্দা
দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় সকালের খবর ও স্পন্দন পত্রিকার তালা প্রতিনিধি তপন চক্রবর্ত্তীকে লাঞ্ছিত করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে তালা উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক জাহিদুল রহমান তাঁকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা রিপোর্টার্স ক্লাব। তারা জাহিদুল রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, এ ঘটনায় তপন চক্রবর্ত্তী একটি জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
চেক প্রদান
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লি কর্মসংস্থান ও রাস্তা রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ করা অতিদরিদ্র নারী কর্মীদের মধ্যে তাঁদের সঞ্চিত এক কোটি ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। নয়টি ইউনিয়নের ৯০ জন নারী সদস্যকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই চেক হস্তান্তর করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কৃষক নিহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের পরিবারের হামলায় কৃষক দেলোয়ার হোসেন (৬২) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর মেয়ে ফেন্সি বেগম জানান, সকালে তাঁর বাবা ও ভাই হুমায়ুন কবির (২২) বাড়ির পাশে জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় চাচা আশরাফ আলী (৫০) ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। একপর্যায়ে চাচাতো ভাই নূরুজ্জামানের পিটুনিতে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় চাচি নূরুন্নাহার তাঁর অণ্ডকোষ চেপে ধরলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আশরাফ আলী অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ভাই হূদেরাগে মারা গিয়ে থাকতে পারেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
কারণ দর্শাও
সরকারি নিয়ম না মেনে প্রাইভেট টিউশনি ও কোচিং করানোর অভিযোগে নাটোরের তিনটি সরকারি বিদ্যালয়ের সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের চারজন, নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুজন ও সিংড়া উপজেলার দমদমা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আছেন। নাটোর প্রতিনিধি
জুয়া বন্ধের দাবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বাজারে রমজান মাসে বিভিন্ন ধরনের জুয়ার আসর বন্ধের দাবিতে গত বুধবার বিকেলে শহরের নাগরবন্দর মোড়ে সভা হয়েছে। শিবগঞ্জ হাজী কল্যাণ সমিতির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি