একনজরে
গাছ সাবাড়রাজশাহীর বাগমারা উপজেলার সোগুনা গ্রামের কৃষক বদরুল ইসলামের এক বিঘা জমির পাটগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বদরুল ইসলাম থানায় অভিযোগ দিয়েছেন। তিনি জানান, গাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি বাধা দিতে গেলেও ভয়ে পারেননি। এতে তাঁর কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে। বাগমারা থানার ওসি (তদন্ত) মাসুদ পারভেজ জানান, তদন্ত করে মামলা রেকর্ড করা হবে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুপঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার গ্রামে গত বুধবার বজ্রপাতে মা পঞ্চমী রানীর (৩৫) মৃত্যু ও শিশুপুত্র ধর্মদাস (৯) আহত হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকালে প্রচণ্ড শব্দ হয়। মুহূর্তেই তাঁদের ঘরে আগুন লেগে যায়। এ সময় মা ও শিশুপুত্র ঘরে অবস্থান করছিল। এতে ঘটনাস্থলেই পঞ্চমী মারা যান। আহত হয় শিশুপুত্র। মাগুরা ইউপি চেয়ারম্যান মো. গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পঞ্চগড় প্রতিনিধিদুই বোনের মৃত্যুপটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সুমনা (১০) ও সুমাইয়া (৬) নামের দুই শিশুর। সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের নূর আলমের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমনা মায়ের সঙ্গে এক সপ্তাহ আগে কাঠপট্টি এলাকায় নানার বাড়িতে আসে। গতকাল সকালে বৃষ্টি ও বাতাসে বিদ্যুতের তারে বাসার প্রবেশমুখে টিনের গেট বিদ্যুতায়িত হয়ে পড়ে। সুমনা ও তার খালাতো বোন সুমাইয়া বাইরে থেকে ফিরছিল। গেট ঠেলে বাসায় প্রবেশকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সুমনা। তাকে ডেকে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমাইয়া। পটুয়াখালী অফিসবজ্রপাতে মৃত্যুভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফয়েজুদ্দিন এলাকায় গতকাল শুক্রবার সকালে বজ্রপাতে কৃষক মো. আলাউদ্দিন (৩৫) ও তাঁর একটি গরু মারা গেছে। সকালে ঝড় শুরু হলে চর ফয়েজুদ্দিন এলাকার আলাউদ্দিন খেতে গরু নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হয়ে রিজিয়ার খাল এলাকায় গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই আলাউদ্দিন ও তাঁর গরুটি মারা যায়। আলাউদ্দিনের পাঁচ সন্তান রয়েছে। মনপুরা থানার ওসি বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভোলা প্রতিনিধিবর্ধিত সভাকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার আবদুল মান্নান মহিলা কলেজে দীলিপ কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কমিটির ৫৭ জন সদস্যের মধ্যে ৩৭ জন উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।ভিসা প্রসেসিং সেন্টারসিলেটে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাবেহ গত বৃহস্পতিবার এর উদ্বোধন করেন। ফলে এখন থেকে সিলেটে বসেই বিদেশে ভ্রমণের জন্য আবেদন করাসহ পাসপোর্ট সংগ্রহ করা যাবে। এ ছাড়া মালয়েশিয়ান এয়ারলাইনসের সিলেট কার্যালয়ে অনলাইন ব্যবস্থাও চালু করা হয়েছে। এতে যাত্রীরা সিলেট থেকে যেকোনো গন্তব্যের টিকিট, হোটেল বুকিং ও বিভিন্ন প্যাকেজ ট্যুরের বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট।