একনজরে

নিজ ট্রাকের চাকায় পিষ্টঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফাজিলপুর এলাকায় ট্রাকচাপায় একজন প্রাণ হারিয়েছেন। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের ফাজিলপুর আলীনগর রাস্তার মাথায় বিকল হয়ে পড়ে। চালক মো. জাহাঙ্গীর আলম (৫০) ট্রাকের নীচে গিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় আরেকটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক ঘটনাস্থলে মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের চাঁদগাঁও থানার রাঙ্গামাটিয়া এলাকায়। নিজস্ব প্রতিবেদক, ফেনীবজ্রপাতে নিহতশেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামে গতকাল শনিবার বজ্রপাতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, গোপালখিলা গ্রামের আবদুল মালেকের স্ত্রী মিনা বেগম ও কৃষক লাল মিয়ার মেয়ে হাসি বেগম। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে মুষলধারে বৃষ্টি হওয়ার সময় ধানখেত থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তাঁরা নিহত হন। শেরপুর প্রতিনিধিছিনতাইকারী গ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত শুক্রবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি খেলনা পিস্তল ও ছোরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, জহিরুল ইসলাম, বিপ্লব মিয়া ও রাজু আহাম্মেদ। থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিসাংসদের সহায়তাঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। গত শুক্রবার বিকেলে নিজস্ব তহবিল থেকে সাংসদ এই সহায়তা দেন। ঘূর্ণিঝড়ে সম্প্রতি সুটিপাড়ার ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার ও সোনারায় ইউনিয়নের গাড়োপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে এক বান্ডিল করে টিন ও এক হাজার টাকা দেওয়া হয়। নীলফামারী প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুরাজশাহীর তানোরে পাঁচন্দর ইউনিয়নের কৈয়েলহাট পশ্চিমপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সোহরাব আলী (৩৫)। এলাকাবাসী ও নিহত সোহরাবের পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বৃষ্টির সময় উঠানে কাজ করছিলেন সোহরাব। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশে থাকা সোহরাবের স্ত্রী ছবিজান বিবি (২৮) আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীপুড়ে ছাইদিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় বাজারের চারটি দোকান গত শুক্রবার দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দোকানদারেরা দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে যান। এ সময় উত্তর পাশের হাঁড়ি-পাতিলের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিবার্ষিক সম্মেলনঅনুভব বহুমুখী সমবায় সমিতির বার্ষিক জেলা সম্মেলন ও হরিচাঁদ ঠাকুরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ফরিদপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় কবি জসীমউদ্দীন হলে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি সুব্রত কুমার ঠাকুর। প্রধান অতিথি ছিলেন অনুভবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ বাড়ৈ। অনুভবের জেলা শাখার সভাপতি আশুতোষ মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির পরিচালক জে সি মজুমদার, ফুলকীর সভাপতি অঞ্জলি বালা প্রমুখ। ফরিদপুর অফিসমানববন্ধন দেশের সব জলাশয় ও জলমহালে মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার দাবিতে গত শুক্রবার সকালে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে মানববন্ধন করা হয়েছে। বেসরকারি সংগঠন ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দেশের ৪০টি জেলার ২৫০টি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধঘণ্টার কর্মসূচি শেষে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, নদী-খালে কারখানার বর্জ্য ও আবর্জনা ফেলায় মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। যশোর অফিস