একনজরে
দুই শ্রমিকের মৃত্যুব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় গত রোববার সন্ধ্যায় একটি নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে রহমত উল্লাহ (২০) ও সুমন মিয়া (২২) নামের দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রসুলপুর গ্রামে। এলাকাবাসী জানান, নজরুল মিয়ার নির্মাণাধীন ভবনের চারতলায় দেয়াল ঝাড়ু দিতে গিয়ে বাঁশের মাচা থেকে পড়ে যান রহমত উল্লাহ ও সুমন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঅবশেষে লটারিইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী একই প্রতীক চাওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দিতে হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৪১ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ৩৭৮ জন সাধারণ ও ১৩১ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আনারস প্রতীক ও গরুর গাড়ি, সাধারণ সদস্য পদে ফুটবল ও টিউবওয়েল এবং সংরক্ষিত সদস্য পদে কলস প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন করায় ও কেউ ছাড় না দেওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালেব। জয়পুরহাট প্রতিনিধিকর্মশালাজয়পুরহাটের আক্কেলপুরে আর্সেনিকোসিস রোগনির্ণয় ও ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা গত সোমবার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল রিসোর্স পারসন কুঞ্জন কুমার বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ মুনিরুজ্জামান মোল্লা, চিকিৎসা কর্মকর্তা শাহরিন মিনার প্রমুখ। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিসভায় উত্তেজনাটানটান উত্তেজনার মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলার নেতারা বাধ্য হয়ে পরে কোনো কমিটি ঘোষণা না দিয়ে সভা শেষ করেই চলে যান। দীর্ঘ প্রায় আট বছর পর রোববার সন্ধ্যায় কর্মী সম্মেলনের মধ্য দিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রদলের স্থানীয় কর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে হালকা ধাওয়া-পাল্টা ধাওয়া, এক কর্মীকে মারধর ও টানটান উত্তেজনার কারণে নেতারা কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিনড়াইলে কর্মশালানড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে গত সোমবার সিসিমপুর আউটরিচ প্রকল্পবিষয়ক এক অ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী নড়াইল শাখা এ কর্মশালার আয়োজন করে। জেলার সরকারি, বেসরকারিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৫০ জন নেতৃস্থানীয় ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন কর্মশালার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন। কর্মশালা পরিচালনা করেন শিশু একাডেমীর সহকারী পরিচালক শাহীন ইমরান। নড়াইল প্রতিনিধি