একনজরে
অস্ত্রসহ গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত রোববার রাতে পাবনা শহরের শালগাড়ীয়া সরদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, মোটরসাইকেলসহ শফিকুল ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার ভেগুরামপুর গ্রামে। এলাকার একটি চায়ের দোকানে অস্ত্র ও গুলিসহ এক যুবক অবস্থান করছেন, এ সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে একটি শাটারগানের ব্যারেল ও দুটি গুলি পাওয়া যায়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে তাঁকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। l পাবনা অফিস
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গা গ্রামে অস্ত্রসহ কালাম মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে গত রোববার রাত সাড়ে আটটার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের বাঘারচর গ্রামের বাসিন্দা। খামারডাঙ্গা সেতুর ওপর কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বৈঠক করছে জানাতে পেরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও কালামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চারটি গুলি ও একটি শাটারগান উদ্ধার করা হয়। l রাজবাড়ী প্রতিনিধি
শিক্ষকের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল সোমবার পানিতে ডুবে নাসির উদ্দিন (৭০) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার পানিশা গ্রামে। এলাকার অনেকে জানান, গতকাল ভোরে নাসির উদ্দিন ফজরের নামাজের অজু করতে বাড়ির সামনের পুকুরে যান। এরপর তিনি আর বাড়িতে আসেননি। সকালে পরিবারের লোকজন পুকুরে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে লাশ উদ্ধার করা হয়। l পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি