একনজরে
সোনার পাতসহ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩৩২ গ্রাম ওজনের সোনার দুটি পাতসহ এক নারীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার এক দিনের ট্রানজিট ঘাট এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ওই এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মালা মে (৪৩) নামের এক রাখাইন নারীকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সোনার দুটি পাত উদ্ধার করা হয়।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার কয়েকটি দোকানকে জরিমানা করেছেন। সিটি করপোরেশনের ম্যজিস্ট্রেট নাজিয়া শিরিন গতকাল মঙ্গলবার এই আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে ওজনে কম দেওয়ার অপরাধে মাংস বিক্রেতা মো. ইসমাইলকে দেড় হাজার টাকা এবং নুরুল আলম ও নজির আহমদকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আরও কয়েকটি দোকানের মালিককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী বিক্রির সময় মুরাদপুর এলাকার জামান হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম