একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারগাজীপুর জেলার শ্রীপুরে মুনিয়া আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাওনা ইউনিয়নের বড়তৈল গ্রামের আকাশি বন থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মুনিয়া ওই গ্রামের দুবাইপ্রবাসী মিয়ার উদ্দিনের বড় মেয়ে এবং স্থানীয় শালদহপাড়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি২২ চালকের জরিমানাটাঙ্গাইলে গাড়ি চালানোর সময় ধূমপান ও মুঠোফোন ব্যবহারের অভিযোগে ২২ জন যানবাহন চালকের কাছ থেকে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গতকাল শনিবার ও গত শুক্রবার এই জরিমানা করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক মেজর মাহফুজুল হক। টাঙ্গাইল অফিস ধর্মঘট সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ধর্মঘট শুরু করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের বিচারের প্রতিবাদে গতকাল শনিবার থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বরাবর স্মারকলিপি প্রদান করে। ধর্মঘটের খবর নিশ্চিত করেছেন শাল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির কান্তি দাস। সুনামগঞ্জ প্রতিনিধিবরখাস্তছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদ। গত ২৭ জুন মাদ্রাসার কয়েকজন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহারের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জজমি বন্দোবস্তের দাবিলালমনিরহাট বিমানঘাঁটির পরিত্যক্ত জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণচেষ্টার প্রতিবাদে এবং চাষযোগ্য পরিত্যক্ত জমি কৃষকদের মধ্যে ইজারা দেওয়ার দাবিতে গত শুক্রবার সকালে লালমনিরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। এতে লিখিত বক্তব্য পড়েন বিমানঘাঁটি ভূমিহীন কৃষক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। ১৯৭১ সালে এই বিমানঘাঁটির ৭০২ একর জমি চাষাবাদের জন্য স্থানীয় কৃষকদের বার্ষিক ভিত্তিতে ইজারা দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কৃষকদের কাছ থেকে মিলিটারি ফার্ম ওই জমিগুলো নিয়ে নেয়। এতে কয়েক শ কৃষক ভূমিহীন হয়ে পড়েন। বর্তমান সরকার কৃষকদের দাবির মুখে তাঁদের ৩০০ একর জমি পুনরায় ইজারা দিলেও বাকি ৪০২ একর জমি এখনো ইজারা দেওয়া হয়নি। লালমনিরহাট প্রতিনিধিমতবিনিময় সভাসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রার্থীদের আচরণবিধি বিষয়ে এক মতবিনিময় সভা হয়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিনসহ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ১৯ জুলাই এ নির্বাচন হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ আহ্বায়ক কমিটি গুরুদাসপুর পৌর আ.লীগের আহ্বায়ক কমিটি গত শুক্রবার গঠন করা হয়েছে। প্রশান্ত কুমার সরকারকে আহ্বায়ক, আনিছুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের এই কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ইসমাইল হোসেন শাহ, রফিকুল ইসলাম, আবুল কালাম মাস্টার, শহিদুল ইসলাম, আবদুর রশিদ, প্রবীর কুমার বর্মণ, রাজকুমার কাশী, একরাম হোসেন, জমশেদ আলী, ফারুক আহম্মেদ, আনিছুর রহমান মাস্টার ও আতাহার হোসেন সরদার। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিবাল্যবিবাহ ঠেকাতেবাল্যবিবাহ ও যৌতুক ঠেকাতে জয়পুরহাটে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়। নিকাহ রেজিস্ট্রাররা সভায় বাল্যবিবাহ নিবন্ধন করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। দুস্থ মানবতা সেবা সংস্থা নামের একটি বেসরকারি সংস্থা সভার আয়োজন করে। সভায় জেলার নিকাহ রেজিস্ট্রার, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। জয়পুরহাট প্রতিনিধিরিবনার বিতরণকুষ্টিয়ার কুমারখালীতে পাটচাষিদের মধ্যে রিবনার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার সকালে এর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। উপজেলা চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ) কাজী আখতার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক গোলাম মর্ত্তজা, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ নাজমুল করিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম। পরে কাজী আখতার হোসেন পাটচাষিদের মধ্যে রিবনার বিতরণ করেন এবং রিবনারের সাহায্যে পাটের আঁশ ছড়ানোর কৌশল উপস্থাপন করেন। কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিনবীনবরণনবীনবরণ অনুষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধে দৃঢ় প্রত্যয় এবং মাদককে না বলার শপথ নিয়েছে যশোরের মনিরামপুর কলেজের একাদশ শ্রেণীর পাঁচ শতাধিক ছাত্রছাত্রী। গতকাল শনিবার ছাত্রলীগ মনিরামপুর কলেজ শাখা বেলা ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ মাঠে সংগঠনের কলেজ শাখার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ খান টিপু সুলতান নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শপথ পাঠ করান। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম প্রমুখ। মনিরামপুর (যশোর) প্রতিনিধিবলগেট ডুবে...বরিশালে বালুবাহী বলগেট ডুবে লাল চান (১৮) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে কীর্তনখোলা নদীর দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বলগেট মোমিন এন্টারপ্রাইজের শ্রমিক কামাল বলেন, ‘বলগেটটি শুক্রবার রাতে দপদপিয়া ফেরিঘাটের অদূরে নোঙর করা ছিল। শনিবার ভোররাতের দিকে দেখি, বলগেটটি ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলগেটে ঘুমন্ত লাল চান ও পারভেজকে ডেকে তুলি। এ অবস্থায় ডুবতে থাকা বলগেটের ভেতর থেকে মুঠোফোনের সেট ও মালামাল আনতে যান লাল চান। এরই মধ্যে বলগেটটি ডুবে যায়। লাল চান আর ফিরে আসতে পারেনি। সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।’ বরিশাল অফিস