একনজরে
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব উপস্থাপন করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন্র ‘স্টুডেন্ট ক্লাইমেট সেল’ আয়োজিত্রপ্রদর্শনীতে ১৭টি বিশ্ববিদ্যালয় ও ৫৫টি ব্যক্তিগত ফটোগ্রাফি দলের ১০২টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।মানববন্ধনদূষণমুক্ত পরিবেশের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মানববন্ধন করেছে কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার সকালে দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে আরও অংশ নেন স্থানীয় সাংসদ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী প্রমুখ। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিদুই প্রতারক নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবদুল কাদের ও মো. সবুজ নামের দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগে গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রতারণার মামলা হয়েছে। নোয়াখালী অফিসবৃত্তি প্রদানসুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১১০ শিক্ষার্থীকে এক লাখ ৬৯ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের সাধারণ সম্পাদক বজলুল মজিদ চৌধুরী প্রমুখ। সুনামগঞ্জ প্রতিনিধিআলোচনা সভাকবি সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমামের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব মিলনায়তনে শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ‘জাগো নারী বহ্নিশিখা’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নুরুন্নাহার। বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, শফিকুল আলম, সাইদুর রহমান, মাজহারুল ইসলাম, মোহিত কুমার দে, কনক রঞ্জন দাস, সিরাজুল ইসলাম, রফিক হাসান প্রমুখ। শেষে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জফলদ বৃক্ষমেলারাজশাহী মহানগরের রেলগেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়। জেলা প্রশাসক মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাটচাষিদের মধ্যে রিবনার ও অন্য কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ২৬টি স্টল রয়েছে। মেলা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীপিস্তলসহ গ্রেপ্তারপাবনা শহরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি নাইন এমএম পিস্তল, গুলিসহ মো. ওবায়দুল্লাহ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম নাদিম আরেফিন দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে—এ খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পাবনা অফিসআসামি গ্রেপ্তাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী বাজার ও নারুয়া বাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মো. উজ্জ্বল মোল্লা (৫০) ও নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের দিয়ানত খানের ছেলে মন্নু খান (৩০)। পুলিশ জানায়, নারী নির্যাতন মামলায় ২০১০ সালে উজ্জ্বল মোল্লার তিন বছর ও দ্রুত বিচার আইনে চলতি বছরের প্রথম দিকে মন্নু খানের চার বছর সশ্রম কারাদণ্ড হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিকৃষকের মৃত্যুমাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কৃষক আ. রাজ্জাক হাওলাদার (৫০) শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, আ. রাজ্জাক হাওলাদার গত শুক্রবার দুপুরে নৌকা নিয়ে পানের বরজে কাজ করতে যান। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। রাত সাড়ে আটটার দিকে তারা তাঁকে পাশের পাঙ্গাশিয়া খালের ওপর ঝুলে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের মধ্যে পড়ে থাকতে দেখেন। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিমানববন্ধনগোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব সরদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে। গত রোববার রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে জুয়ারিরা তাকে কুপিয়ে হত্যা করে। সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রানা সরদার (২২) ও দুলু সরদারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি