একনজরে
সাংবাদিকদের সহায়তা
ঝালকাঠির দুই সাংবাদিককে সরকারের সাংবাদিক সহায়তা তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। তাঁরা হলেন দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মানিক রায় ও দৈনিক সংবাদ-এর নলছিটি উপজেলা প্রতিনিধি মিলনকান্তি দাস। গত মঙ্গলবার ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে সহায়তার টাকার চেক তুলে দেওয়া হয়। এতে প্রেসক্লাবের সহসভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন। ঝালকাঠি প্রতিনিধি
চাল উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি এলাকার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিকাইলের নেতৃত্বে ওই এলাকার লোকনাথ বেকারি থেকে ৩৮ ও মুড়ি তৈরির একটি কারখানা থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা ওই চাল ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেওয়া বিশেষ ভিজিএফের বলে ধারণা করছেন ইউএনও। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামলা করবেন। গোপালগঞ্জ প্রতিনিধি
চাল বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর সদরে ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩৬ হাজার মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ৩১ হাজার ৫০০ এবং চার হাজার ৫০০ কার্ড পৌর এলাকায় বিতরণ করা হয়েছে। দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম গতকাল বুধবার বৃষ্টি উপেক্ষা করে নিজে উপস্থিত থেকে ১০টি ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করেন। আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, সমাজসেবক ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকবর আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিস
পরামর্শ প্রদান
দিনাজপুরের বীরগঞ্জে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের দিনব্যাপী পরামর্শ প্রদান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থীরা এই আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মাহামুদুল হাসান, মোছা. মাকছুদা আক্তার, মানিক ইসলাম, ফজলে রাব্বী, তৈফিকুর রহমান ও পারভেজ হাসান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিস
মিলনমেলা
বগুড়ায় চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে ‘ঈদ মিলনমেলা’র। আগামী রোববার শহরের অ্যাডওয়ার্ড পার্কের (পৌর পার্ক) ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে ‘ঈদ মিলনমেলা’ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সব আয়োজন শেষ হয়েছে। মেলা উদযাপন কমিটির সদস্যসচিব ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান জানান, মিলনমেলা উপলক্ষে বিকেল সাড়ে চারটায় আনন্দ শোভাযাত্রা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। বগুড়া প্রতিনিধি